ভেজা আউটফিল্ডে বিলম্ব, দ্বিতীয় টেস্ট শুরুতে বাধা

কিংস্টনের সাবিনা পার্কে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টেস্ট নির্ধারিত সময়ে শুরু হতে পারেনি। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় টস হওয়ার কথা থাকলেও মাঠের আউটফিল্ড ভেজা থাকায় তা সম্ভব হয়নি। ম্যাচ শুরুর জন্য নির্ধারিত সময় ছিল রাত ৯টা, কিন্তু মাঠের অবস্থার কারণে তা পিছিয়ে গেছে।

আম্পায়াররা প্রথমে রাত ১০টায় মাঠ পরিদর্শন করেন। তবে তখনও মাঠ খেলার উপযোগী ছিল না। এরপর বাংলাদেশ সময় রাত ১২টায় পুনরায় মাঠ পরিদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়।

যদিও কিংস্টনে আজ আকাশ পরিষ্কার এবং রৌদ্রজ্জ্বল, আগের কয়েক দিনের বৃষ্টিতে উইকেটের পাশ ও আউটফিল্ডের বড় অংশ স্যাঁতসেঁতে হয়ে আছে। মাঠ শুকানোর কাজ চললেও পরিস্থিতি এখনও খেলায় উপযোগী নয়।

প্রাক্তন ক্যারিবীয় স্পিনার ও বর্তমানে ধারাভাষ্যকার স্যামুয়েল বদ্রি জানিয়েছেন, বৃষ্টি বাধা না দিলেও দিনের মধ্যে খুব বেশি খেলা হওয়ার সম্ভাবনা নেই।

উল্লেখ্য, অ্যান্টিগায় অনুষ্ঠিত প্রথম টেস্টে জয় তুলে নিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজে সমতা ফেরাতে হলে বাংলাদেশকে দ্বিতীয় টেস্টে দারুণ পারফর্ম করতে হবে।