গিজারে বিস্ফোরণ, বিয়ের ৫ দিনেই মৃত্যু নববধূর

ওয়াশরুমে গিজার বিস্ফোরণের ফলে মৃত্যু হলো এক নারীর। মাত্র পাঁচ দিন আগে তার বিয়ে হয়েছিল। শ্বশুরবাড়িতে বিকেলে গোসল করছিলেন তিনি। পানি ঠান্ডা থাকায় চালিয়ে দেন গিজার। তাতেই কাল হয়েছে। আচমকা গিজারটি ফেটে যায়। পরে পরিবারের সদস্যরা দরজা ভেঙে নববধূর মরদেহ উদ্ধার করেন।

ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের বরেলীর মিরগঞ্জ এলাকার। পুলিশ জানিয়েছে, গত ২২ নভেম্বর বিয়ে হয়েছিল ওই নারীর। তিনি বুন্দেল শহরের মেয়ে। বিয়ের পর চলে এসেছিলেন বরেলীতে।

পরিবারিক সূত্র জানিয়েছে, গিজার বিস্ফোরণ হলেও খুব বেশি শব্দ হয়নি। ওয়াশরুমের বাইরে তা শোনা যায়নি। অনেকক্ষণ হয়ে গেলেও নববধূ না বেরোলে পরিবারের লোকজনের সন্দেহ হয়। তারা বাইরে থেকে ডাকাডাকি শুরু করেন। কিন্তু তারপরেও দরজা খোলেনি। এরপরেই বিপদ আঁচ করে দরজা ভেঙে ফেলার সিদ্ধান্ত নেন স্বামী।

দরজা ভেঙে দেখা যায়, ওয়াশরুমের মেঝেতে অচেতন পড়ে আছেন নববধূ। পাশেই গিজারটি ভেঙেচুরে পড়ে রয়েছে। দ্রুত ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এ ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।