ঘূর্ণিঝড় ফেনজালে দক্ষিণ ভারতে সর্বোচ্চ সতর্কতা

ভারতের দক্ষিণে ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় ফেনজাল। গতকাল শনিবারই তামিলনাড়ু-পুদুচেরি উপকূলে করাইকাল ও মহাবলীপুরামের মধ্য দিয়ে স্থলভাগে আঘাত হানার কথা ঘূর্ণিঝড়টির। ঘূর্ণিঝড় ফেনজালের প্রভাবে তামিলনাড়ুর চেন্নাই, তিরুভাল্লুর, কাঞ্চিপুরম, কাল্লাকুরিচি এবং কুড্ডালোরের পাশাপাশি পুদুচেরিতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর।

ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রমের সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার এবং সর্বোচ্চ ৯০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, উপকূলীয় এলাকায় এরই মধ্যে উত্তাল সমুদ্র ও উঁচু জলোচ্ছ্বাস দেখা যাচ্ছে। বেশ কয়েকটি উপকূলীয় অঞ্চলে ইতিমধ্যে আবহাওয়ার পরিবর্তন এবং উঁচু জোয়ার শুরু হয়েছে। এদিকে পুদুচেরি ছাড়াও চেন্নাই, তিরুভাল্লুর, চেঙ্গলপট্টু, কাঞ্চিপুরম, ভিলুপুরম, কাল্লাকুরিচি এবং কুড্ডালোর জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এ ছাড়া রানিপেট, তিরুভান্নামালাই, ভেলোর, পেরাম্বালুর, আরিয়ালুর, তাঞ্জাভুর, তিরুভারুর, মায়িলাদুথুরাই, নাগাপট্টিনাম এবং কারাইকাল জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে।

সর্বোচ্চ সতর্কতা জারি করা এলাকাগুলোতে গতকাল স্কুল-কলেজ বন্ধ ছিল।