দীপিকা ক্যাটরিনাকে ছাড়িয়ে!

মাত্র ২৮ বছর বয়সেই ক্যাটরিনা কাইফ, দীপিকা পাড়–কোন থেকে আলিয়া ভাটসহ বলিউডের বড় বড় সব অভিনেত্রীকে নাকি পেছনে ফেলে দিয়েছেন রাশমিকা মান্দানা! শুধু তাই নয়, অমিতাভ বচ্চন, শাহরুখ খানের মতো তারকারা তার প্রশংসায় পঞ্চমুখ। দক্ষিণী ছবি হোক বা বলিউড সব কিছুতেই মাতিয়ে রাখা এই অভিনেত্রী নাকি বর্তমানে ভারতের সর্বোচ্চ আয়কারী নায়িকা!

‘পুষ্পা ২ : দ্য রুল’ অভিনেত্রী বর্তমানে ইন্ডাস্ট্রির অন্য অভিনেত্রীদের ছাড়িয়ে ভারতের সর্বোচ্চ আয়কারী অভিনেত্রী হয়ে উঠেছেন! সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি এমনই খবর ছড়িয়ে পড়েছে। এ নিয়ে সিনেমাপ্রেমীদের যেন কৌতূহলের শেষ নেই।

সম্প্রতি নিজের নতুন ছবির প্রচারের জন্য গোয়ায় ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের শেষ দিনের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রাশমিকা। সেখানে তিনি তার আসন্ন সিনেমা ‘পুষ্পা ২ : দ্য রুল’ নিয়ে কথা বলেছেন। পাশাপাশি নায়িকা তার পারিশ্রমিক নিয়ে যে খবর ছড়িয়ে পড়েছিল তা নিয়েও মুখ খোলেন। তার মতে, এটি আসলে গুজব।

অনুষ্ঠানে রাশমিকা হাজির হলেও উপস্থিত থাকতে পারেননি ‘পুষ্পা ২ : দ্য রুল’-এর নায়ক আল্লু অর্জুন এবং পরিচালক সুকুমার। সিনেমাটির চূড়ান্ত সম্পাদনা নিয়ে ব্যস্ততার কারণে তারা উপস্থিত হতে পারেননি বলে জানা গেছে।

‘পুষ্পা ২ : দ্য রুল’ ২০২১ সালের ব্লকবাস্টার হিট ‘পুষ্পা : দ্য রাইজ’-এর একটি বহুল প্রতীক্ষিত সিক্যুয়েল। আগামী ৫ ডিসেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।