অ্যানফিল্ডে আজ দুই বিপ্লবীর মহারণ

ছয় বছরের বেশি সময় পেরিয়ে গেছে, গিয়েম বালাগের ২০১৮ সালের সেই প্রতিবেদন আজও প্রাসঙ্গিক। যে লেখায় ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলাকে চে গুয়েভারার সঙ্গে তুলনা করেছিলেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী কোচ সিজার লুইস মেনত্তি। ফুটবল বিপ্লবী গার্দিওলার বিপ্লব মাঠে অব্যাহত ছিল দীর্ঘদিন, কিন্তু চলতি মৌসুমে এসে যেন থমকে গেছে।

অন্যদিকে, আর্নে স্লট যেন জার্গেন ক্লপ-পরবর্তী লিভারপুলে এক নতুন বিপ্লবের বার্তা নিয়ে এসেছেন। অখ্যাত এই কোচ প্রিমিয়ার লিগে লিভারপুলকে শুধু শীর্ষে তুলেই দেননি, দাপটের সঙ্গে প্রতিপক্ষকে ছাড়িয়ে যাচ্ছেন। দুই ভিন্ন মেরুতে থাকা এই দুই কোচ আজ রাত ১০টায় অ্যানফিল্ডে মুখোমুখি।

প্রিমিয়ার লিগে গার্দিওলার ম্যানচেস্টার সিটি এখন পর্যন্ত ১২ ম্যাচে লিভারপুলের চেয়ে ৮ পয়েন্ট পিছিয়ে। টানা ছয় ম্যাচে জয়হীন, প্রিমিয়ার লিগে শেষ তিন ম্যাচে পরাজিত হওয়া সিটির জন্য চ্যালেঞ্জটা কেবল পয়েন্টের নয়, মানসিকভাবেও। গার্দিওলা নিজেও স্বীকার করেছেন, তিনি এই মুহূর্তে নিজের কোচিং ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সময় পার করছেন। চোট, ক্লান্তি এবং টানা সাফল্যের চাপ গার্দিওলাকে নতুন করে নিজেদের প্রমাণ করার চ্যালেঞ্জে ঠেলে দিয়েছে।

অন্যদিকে, আর্নে স্লটের গল্পটা সম্পূর্ণ ভিন্ন। ক্লপের বিদায়ের পর শীতল অভ্যর্থনা পাওয়া এই ডাচ কোচ প্রমাণ করেছেন, তার হাতে লিভারপুল নিরাপদ। নিজের পছন্দের খেলোয়াড় কেনার সুযোগ ছাড়াই লিভারপুলকে শীর্ষে তোলার পাশাপাশি চ্যাম্পিয়নস লিগেও নেতৃত্ব দিচ্ছেন তিনি। এই মৌসুমে লিভারপুল ১২ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে। আজকের ম্যাচে জিতলে ব্যবধান ১১ পয়েন্টে নিয়ে যাবে লিভারপুল। স্লটের দৃষ্টিতে এটি শিরোপা দৌড়ে শক্ত অবস্থান নিশ্চিত করার ম্যাচ।

গার্দিওলার জন্য এ ম্যাচ কেবল এক জয় নয়, বরং পুনর্জাগরণের সূচনা। অ্যানফিল্ডের মতো প্রতিপক্ষের দুর্গ জয় করা সহজ নয়। তবে গার্দিওলার বিপ্লবী মানসিকতার সঙ্গে কোনো কিছুই অসম্ভব নয়। গার্দিওলার ম্যানচেস্টার সিটির বিপক্ষে স্লটের লিভারপুল জয় পেলে শিরোপা দৌড়ে অনেকটাই এগিয়ে যাবে। অন্যদিকে, গার্দিওলা যদি নিজের প্রমাণ দেওয়ার যাত্রা এখান থেকেই শুরু করতে পারেন, তবে সেটি ফুটবলপ্রেমীদের জন্য নতুন গল্পের জন্ম দেবে।

আজ রাত ১০টায় অ্যানফিল্ডে, ফুটবলপ্রেমীরা অপেক্ষা করছেন দুই বিপরীতধর্মী বিপ্লবীর লড়াই দেখার। কার বিপ্লব দীর্ঘস্থায়ী হয়, সেটাই এখন দেখার অপেক্ষা।