বলিউড যেন এক রহস্যময় জায়গা। সেখানে কখনও নবাগত অভিনেতারা ব্লকবাস্টার ছবি করে সাড়া ফেলে দেন, কখনও আবার সুপারস্টারকে বাদ পড়তে হয় ব্লকবাস্টার ছবি থেকে। যেমনটা হয়েছিল অমিতাভ বচ্চনের সঙ্গে। অবশ্য এটি প্রায় ২৭ বছর আগের ঘটনা।
১৯৯৭ সালের ২৮ নভেম্বর মুক্তি পায় আমির খান ও অজয় দেবগণ অভিনীত সিনেমা ‘ইশক্’। তাদের বিপরীতে ছিলেন কাজল ও জুহি চাওলা। সেই ছবিতে নাকি অভিনয় করার কথা ছিল বিগ বি অমিতাভ বচ্চনের। সেই মতো প্রস্তুতিও শুরু হয়। পরবর্তীতে অবশ্য ছবি থেকে বাদ পড়েন তিনি।
শোনা যায়, ‘ইশক্’-এর পরিচালক ইন্দ্র কুমার বিগ বি-র প্রোডাকশন হাউজের অধীনে অন্য ছবি তৈরি করেন। কিন্তু সুপারস্টার এবং পরিচালকের মধ্যে বিশাল আর্থিক দ্বন্দ্বের কারণে সেই ছবি আর মুক্তি পায়নি। আর সেই ছবির মুক্তি বন্ধ হতেই ‘ইশক্’থেকে অমিতাভ বচ্চনকে বাদ দিয়ে দেন ইন্দ্র কুমার।
ছবিতে অমিতাভের জন্য একটি গানও রেকর্ড করা হয়েছিল। অমিতাভকে বাদ দেওয়ার পর সেই গান নিয়ে কী করবেন, তা ভেবে পাচ্ছিলেন না পরিচালক। অবশেষে সমস্যার সমাধান হয়। সেই যাত্রায় তাকে বিপদের হাত থেকে বাঁচান জনি লিভার।
গানটিতে জনি লিভারকে অমিতাভ বচ্চনের বিভিন্ন সিনেমার চরিত্রের সাজে দেখা গিয়েছিল। গোটা গানে হুবহু বিগ বি-কে নকল করে হাসতে হাসতে দর্শকের পেটে খিল ধরিয়ে দিয়েছিলেন জনি। শুধু তাই নয়, ‘মিস্টার লোভা লোভা’ গানটি ছিল সেই বছরের অন্যতম চার্টবাস্টার। ‘বর্ডার’ ও ‘দিল তো পাগল হ্যায়’-এর পরে ১৯৯৭ সালের বক্স অফিসে তৃতীয় সর্বোচ্চ আয় করেছিল ‘ইশক্’।
আরও মজার বিষয় হল, এই ছবির দুই নায়িকা কাজল ও জুহি চাওলা প্রথমে ‘দিল তো পাগল হ্যায়’ ছবির অফার পান। কিন্তু তারা তা প্রত্যাখ্যান করলে তাতে মাধুরী দীক্ষিত ও কারিশমা কাপুরকে নেওয়া হয়। আবার ‘ইশক্’ ছবির নায়িকা হিসেবে পরিচালকের প্রথম পছন্দ ছিল মাধুরী ও কারিশমা। তারাও সেই ছবি করেননি। এমনকী, নায়কের চরিত্রেও অজয় দেবগণ ও আমির খানের কাজ করার কথা ছিল না। ছবিতে কাজ করার কথা ছিল বিবেক মুশরান ও সঞ্জয় কাপুরের।