ভারতীয় উপমহাদেশের ইতিহাসে দ্বিতীয় স্বীকারোক্তির ভিত্তিতে সাজা দেওয়ার নজির নেই। একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি পক্ষের অন্যতম আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির আজ রবিবার রায় পরবর্তী প্রতিক্রিয়ায় এ কথা বলেন।
তিনি বলেন, ৪০০ বছরের ইতিহাসে ভারতীয় সাবকন্টিনেন্টে দ্বিতীয় স্বীকারোক্তির ওপর ভিত্তি করে কাউকে সাজা দেওয়া হয়েছে আর কোনও নজির নেই। এ মামলার আসামি মুফতি হান্নান দু’বার স্বীকারোক্তি দিয়েছেন। টর্চার করে তার কাছ থেকে দ্বিতীয় স্বীকারোক্তি আদায়ের অভিযোগ ছিল। দ্বিতীয় স্বীকারোক্তি প্রত্যাহার করেছিলেন তিনি। এ স্বীকারোক্তির কোনও আইনগত ভিত্তি নেই একথা আমরা আদালতে বলেছি।
অ্যাডভোকেট শিশির মনির বলেন, বিচারিক আদালত এ মামলায় ৪৯ জনকে সাজা দিয়েছিলেন। এর মধ্যে ১৯ জনকে মৃত্যুদণ্ড, ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও অন্যান্যদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে রায় দিয়েছিল।
তিনি বলেন, বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে দায়েরকৃত আপিলের শুনানি শেষে সকলের আপিল মঞ্জুর (এলাউড) করেছেন উচ্চ আদালত। বিষয়টি নিয়ে ইতোপূর্বে জারি করা রুল এবসিলিউট (যথাযথ) ঘোষণা করেন আদালত। সকলকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। রায়ে নিম্ন আদালতের ট্রায়ালকে অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। আইনের ভিত্তিতে বিচারিক আদালতে বিচার (ট্রায়াল) কার্যক্রম হয়নি। বিচারিক আদালতে দেওয়া এক সাক্ষীর সাথে অন্য সাক্ষীর সাক্ষ্যে কোনও সামঞ্জস্যতা (কোলাবরেশান) নেই। এ ধরনের কেইস-এ ঘটনা পরস্পর দেখেছেন এমন কোনও সাক্ষ্য নেই।
একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামিকে বেকসুর খালাস দিয়ে আজ রবিবার রায় ঘোষণা করেছেন হাইকোর্ট।
বিচারিক আদালতের রায় বাতিল করে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ রায় ঘোষণা করেন। এর আগে চার দিন আপিলের ওপর শুনানি হয়।
বিচারিক আদালত এ মামলায় ১৯ জনকে মৃত্যুদণ্ড, তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১১ পুলিশ ও সেনা কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিল।
রায়ে আদালত বলেছেন, একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচার ছিল অবৈধ। আইনে এটা টেকে না। রায়ে বলা হয়েছে, যে চার্জশিটের ভিত্তিতে নিম্ন আদালত বিচার করেছিলেন তা আইনগতভাবে গ্রহণযোগ্য ছিল না।
এর আগে বেলা ১১টায় রায় ঘোষণা শুরু হয়। ১১টা ৪৫ মিনিটে রায় পড়া শেষ হয়। রায়ের মূল অংশ পাঠ করেন বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি এ কে এম আসাদুজ্জামান।
আদালতে আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী এস এম শাহজাহান ও আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তারা এই মামলা শুরু থেকে আসামিপক্ষে শুনানি করেছেন। আদালতে বিএনপির আইনজীবীদের মধ্যে জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, অ্যাডভোকেট আমিনুল ইসলাম প্রমুখ।