ভারতে পুলিশের সঙ্গে গোলাগুলিতে ৭ মাওবাদী নিহত

ভারতের তেলেঙ্গানার মুলুগু জেলায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে সাত মাওবাদী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন মাওবাদীদের এক শীর্ষ নেতা। রবিবার ভোরে এ ঘটনা ঘটেছে বলে খবর ভারতীয় গণমাধ্যমের।

নিহতদের মধ্যে রয়েছেন ভাদ্রু ওরফে কুরসাম মাঙ্গু ওরফে পাপান্না। তিনি সিপিআই (মাওবাদী) দলের তেলেঙ্গানা রাজ্য কমিটির সদস্য ছিলেন। ৩৫ বছরের ভাদ্রু দলের ইয়াল্লান্দু-নারসামপেট এলাকা কমিটির কমান্ডারও ছিলেন। নিহত বাকি ছয় মাওবাদী হলেন এগোলাপু মাল্লাইয়া (৪৩), মুস্সাকি দেবল (২২), মুস্সাকি যমুনা (২৩), জয় সিং (২৫), কিশোর (২২), কামেশ (২৩)। ঘটনাস্থল থেকে একে-৪৭, জি৩, ইনসাস রাইফেলসহ অস্ত্র, বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে চালপাকা বনে মাওবাদীদের সঙ্গে পুলিশের মাওবাদবিরোধী গ্রেহাউন্ডস ফোর্সের গোলাগুলি শুরু হয়। বনটিতে চিরুণি অভিযান চালানোর সময় গ্রেহাউন্ডস ওই মাওবাদীদের দলটিকে খুঁজে পায় আর তাদের আত্মসমর্পণ করতে বলে। কিন্তু মাওবাদীরা গ্রেহাউন্ডস কমান্ডোদের দিকে গুলি ছুড়তে শুরু করলে পুলিশের দলটি পাল্টা গুলি ছোড়ে।

গত বৃহস্পতিবার তেলেঙ্গানার মুলুগু জেলায় দুজনকে খুনের অভিযোগ ওঠে মাওবাদীদের বিরুদ্ধে। নিহতেরা জনজাতি সম্প্রদায়ের। তাদের মধ্যে একজন পেরুরু গ্রাম পঞ্চায়েতের সচিব। মাওবাদীদের তরফে দাবি করা হয়, ওই দুজন পুলিশকে তথ্য পাচার করতেন। প্রতিবাদে শুক্রবার মিছিল করেন স্থানীয় জনজাতিরা। মাওবাদীদের শাস্তি এবং নিহতদের পরিবারকে সরকারি সাহায্য দেওয়ার দাবি তোলেন তারা। এর পরেই ওই এলাকায় সক্রিয় হয় নিরাপত্তা বাহিনী।