আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে আমেরিকান ডলারের পরিবর্তে অন্য মুদ্রা ব্যবহারের ক্ষেত্রে ব্রিকস অন্তর্ভুক্ত দেশগুলোকে সতর্ক করেছেন সদ্যনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকান ডলারের বদলে অন্য মুদ্রা ব্যবহার করলে ১০০ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প।
ব্রিকসভুক্ত ১০ দেশগুলো হলো- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব, ইরান, মিসর, সংযুক্ত আরব আমিরাত ও ইথিওপিয়া। গত অক্টোবর মাসে ব্রিকসের বৈঠকে সদস্য দেশগুলো আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে অন্য দেশের মুদ্রা ব্যবহারে জোর দেয়।
এর পরই গতকাল শনিবার ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লিখেছেন, এই দেশগুলোর কাছ থেকে আমাদের একটি প্রতিশ্রুতি প্রয়োজন যে তারা নতুন ব্রিকস মুদ্রা তৈরি করবে না কিংবা শক্তিশালী মার্কিন ডলার প্রতিস্থাপনে অন্য কোনও মুদ্রায় ফিরে যাবে না।
ট্রাম্প আরও বলেন, আন্তর্জাতিক বাণিজ্যে ব্রিকস মার্কিন ডলার প্রতিস্থাপন করবে এমন কোনো সম্ভাবনা নেই। তবে তারা তা যদি করে, তা হলে আমেরিকায় কিছু বিক্রি করতে চাইলে সেই পণ্যের উপর ১০০ শতাংশ শুল্ক চাপানো হবে।
তিনি আরও বলেন, ব্রিকসের সদস্য দেশগুলো যতই অন্য দেশের মুদ্রা প্রচলনের চেষ্টা করুক, আন্তর্জাতিক বাজারে কখনওই তা আমেরিকান ডলারকে টেক্কা দিতে পারবে না। কোনও দেশ যদি সেই চেষ্টা করে, তা হলে তাকে ‘বিদায়’ জানাবে আমেরিকা। আমেরিকার সঙ্গে লেনদেন করতে পারবে না ওই দেশ।
গত অক্টোবরে রাশিয়ার কাজানে বৈঠকে বসেছিল সদস্য দেশগুলো। সেখানেই আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে আমেরিকান ডলারের পরিবর্তে স্থানীয় মুদ্রা ব্যবহারে জোর দিয়েছে তারা। সদস্য দেশগুলোর মধ্যে ব্যাঙ্কিং ব্যবস্থা চালু করার কথাও বলেছে।