‘ওটিটির কারণে শিল্পীদের সুন্দর চেহারা আর প্রধান শর্ত নয়’

ওটিটি প্ল্যাটফর্ম কেবল বিনোদনের দুনিয়ায় নয়, অভিনয়শিল্পীদের জন্যও সম্ভাবনার নতুন দরজা খুলে দিয়েছে। এর ফলে এখন অভিনয়ে সুন্দর হওয়া নয়, প্রতিভাই মুখ্য বিষয় হয়ে উঠেছে বলে মনে করেন ৯০-এর দশকের জনপ্রিয় অভিনেত্রী মৃণাল কুলকার্নি।

সম্প্রতি তার নতুন ওয়েব সিরিজ পৈঠানি-এর প্রচারণায় মৃণাল জানিয়েছেন, ওটিটি কীভাবে শিল্পী ও পরিচালকদের জন্য নতুন সুযোগ তৈরি করছে এবং অভিনয়ের গতানুগতিক ধারা বদলে দিয়েছে।

একটা সময় ভারতের টেলিভিশন পর্দায় জনপ্রিয়তার শিখরে ছিল সোনপরী নামের একটি ধারাবাহিক। এই ধারাবাহিকে প্রধান চরিত্র সোনা আন্টির ভূমিকায় অভিনয় করেন মৃণাল কুলকার্নি।

মৃণাল বলেন, ‘ওটিটি আমাদের এমন কাজের সুযোগ দিয়েছে, যা সত্যিই আলাদা। এখন এমন এক সময় এসেছে, যেখানে আমরা ভিন্ন ধরনের চরিত্র ও বিষয় নিয়ে কাজ করার সুযোগ পাচ্ছি। আমি নিজেও পরিচালনায় নাম লিখিয়েছি এবং চারটি মারাঠি ছবি পরিচালনা করেছি, পঞ্চমটি এখন প্রক্রিয়াধীন রয়েছে। ওটিটির কারণে টেলিভিশন ও সিনেমার কনটেন্ট উন্নত করতে হচ্ছে, কারণ প্রতিযোগিতা এখন ডিজিটাল মাধ্যমে।’

ওটিটি অভিনয়ের ধারা বদলে দিয়েছে উল্লেখ করে এ অভিনেত্রী বলেন, ‘আগে প্রধান চরিত্রে থাকা অভিনেত্রীদের সুন্দর হওয়াটা প্রায় বাধ্যতামূলক ছিল। এখন প্রতিভাই মুখ্য বিষয় হয়ে উঠেছে। দেখতে সুন্দর হওয়া আর প্রধান শর্ত নয়। এখন কনটেন্টই প্রধান।’

এখন অভিনেতা-অভিনেত্রীদের জন্য সময়টা কঠিন বলে মনে করেন তিনি। কারণ হিসেবে মৃণাল কুলকার্নি বলেন, ‘তারা শুধু তাদের চেহারার জন্য নয়, প্রতিভার জন্য অভিনয় করছেন। কন্টেন্টের গুরুত্ব বেড়ে যাওয়ায় অভিনয়ে আর কোনো সীমাবদ্ধতা নেই।’

মৃণাল কুলকার্নি অভিনীত ও জ়ি ফাইভে মুক্তিপ্রাপ্ত নতুন সিরিজ পৈঠানি ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে। এতে মৃণালের সঙ্গে অভিনয় করেছেন অভিনেত্রী ঈশা সিং। এছাড়াও মারাঠি ইন্ডাস্ট্রিতে শ্রীকান্ত দ্য গ্রেট মারাঠা, হাসরাতেন, দ্রৌপদী, মীরাবাই, টিচার, খেলা এবং স্পর্শ ইত্যাদি টিভি শো’তে মৃণাল অভিনয় করেছেন।