২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আইসিসির ‘সমঝোতা ফর্মুলা’

২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) মধ্যে বিরোধ মেটাতে নতুন একটি ‘পার্টনারশিপ ফর্মুলা’ নিয়ে চিন্তা করছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নতুন এই প্রস্তাবনা অনুযায়ী, আগামী ৩ বছরে আইসিসি ইভেন্টে ভারত ও পাকিস্তানের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে। দুবাইকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে বিবেচনা করা হচ্ছে। একইসঙ্গে পাকিস্তানও এই সময়কালে ভারতে কোনো ম্যাচ খেলবে না।

এই সময়কালে ভারত তিনটি আইসিসি টুর্নামেন্ট আয়োজন করবে। এর মধ্যে রয়েছে ২০২৫ সালে নারী ওয়ানডে বিশ্বকাপ, ২০২৬ সালে শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ, এবং ২০২৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি।

পাকিস্তানের জিও সুপার জানিয়েছে, আইসিসি বিসিসিআইকে এই প্রস্তাবনা গ্রহণের পরামর্শ দিয়েছে, যাতে পাকিস্তানের আইনি পদক্ষেপের ঝুঁকি এড়ানো যায় এবং ভোটাভুটির প্রয়োজন ছাড়াই সমস্যার সমাধান হয়।

যদি এই ফর্মুলা দু'পক্ষের মধ্যে সমঝোতার মাধ্যমে গ্রহণ করা হয়, তাহলে আর আইসিসি বোর্ড মিটিংয়ের প্রয়োজন পড়বে না। আইসিসি সরাসরি বোর্ড সদস্যদের এই সিদ্ধান্ত জানিয়ে দেবে।

‘সমানাধিকারের ভিত্তিতে সমাধান চাই’

পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি শনিবার জিও নিউজকে এক সাক্ষাৎকারে বলেছেন, তারা হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের পক্ষে নন, তবে নতুন কোনো মডেলে ‘সমানাধিকারের’ ভিত্তিতে সমাধান হতে পারে। “আমরা ক্রিকেটের স্বার্থে কাজ করব, তবে একপাক্ষিক কোনো চুক্তি মেনে নেওয়া হবে না। যদি হাইব্রিড মডেল না হয়, তাহলে অন্য কোনো নতুন মডেল, তবে অবশ্যই সমানাধিকারের ভিত্তিতে হতে হবে,” বলেন নকভি। তিনি আরও যোগ করেন, “পাকিস্তানের সম্মান আমাদের কাছে সবার আগে। এমন কোনো পরিস্থিতি মেনে নেওয়া সম্ভব নয় যেখানে আমরা ভারতে খেলি, কিন্তু তারা এখানে আসতে অস্বীকৃতি জানায়। যে সিদ্ধান্তই নেওয়া হবে, তা ভবিষ্যতের টুর্নামেন্টগুলোর জন্য একটি ভারসাম্যপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করতে হবে।”