ক্রিকেট খেলার সময় ‘হার্ট অ্যাটাকে’ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান সিয়াম মারা গেছেন। রবিবার (১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরী বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস।
নিহত মেহেদী হাসান সিয়াম বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রাণীনগর গ্রামে।
মেহদীর সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বিকেলে বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে আইন ও ভূমি প্রশাসন বিভাগের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা চলাকালে নন-স্ট্রাইক প্রান্তে থাকা ব্যাটার সিয়াম হঠাৎ অসুস্থতা বোধ করেন। এ সময় তার সতীর্থ খেলোয়াড়রা প্রাথমিক সেবা দিয়ে সুস্থ করে তোলার চেষ্টা করলে তার অবস্থার অবনতি হয়। একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে বিভাগের শিক্ষার্থীরা দ্রুত তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর পূর্বেই তিনি মারা যান বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
এ ব্যাপারে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, ‘আজ বিকেল চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিয়াম নামের এক শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসেন। তবে আমাদের কর্তব্যরত চিকিৎসকেরা প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর বুঝতে পারেন হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে। পরিবার ও শিক্ষকদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত করা হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ‘হার্ট অ্যাটাক’ জনিত কারণে তার মৃত্যু হয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহের ময়নাতদন্ত করা হয়নি। পরে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের কাছে মরদেহ হস্তান্তর করেন। বর্তমানে তার মরদেহ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের দিকে নেওয়া হচ্ছে। বাদ এশা সেখানে প্রথম জানাজা শেষে মরদেহ তার গ্রামের বাড়িতে নেওয়া হবে।’