মহেশখালীতে অস্ত্রসহ যুবক আটক

কক্সবাজারের মহেশখালীতে ১টি বিদেশি জি-৩ রাইফেল, ১টি দোনালা বন্দুক, ১টি দেশীয় তৈরী একনালা বন্দুক, ১টি এলজি, ৯ রাউন্ড গুলি, গুলি ভর্তি ১টি ম্যাগজিনসহ  মুহাম্মদ সাজেদকে (২৫) আটক করেছে পুলিশ। শনিবার (৩০ নভেম্বর) রাত সাড়ে ৩টার সময় উপজেলার বড়মহেশখালী ইউনিয়নের বড় ডেইল গ্রাম থেকে এসব উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত যুবক একই গ্রামের আবদু শুক্কুরের ছেলে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ জানান, বড়মহেশখালীর বড় ডেইলে বিশেষ অভিযান যায় পুলিশ। এ সময় দুইজন লোক পালিয়ে গেলেও সাজেদ নামের একজনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যে অনুসারে বসতঘরে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, আটক যুবক অস্ত্র পরিবহনের কাজে জড়িত ছিল। অস্ত্রের মূল উৎস ও তার সাথে জড়িতদের ধরতে পুলিশের আলাদা দল কাজ করছে।

তবে স্থানীয়রা বলছেন, চলতি লবন মৌসুমে জমি দখল-বেদখল নিয়ে বড় ধরণের পরিকল্পনা করতে এই বিদেশি অস্ত্র গুলো মজুদ করা হচ্ছে এবং দেশীয় অস্ত্র মহেশখালীর পাহাড়ের কারখানা থেকে সংগ্রহ করেছে।