বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারন সম্পাদক এস.এ জিন্নাহ কবীর বলেছেন, বিএনপি নামধারী আওয়ামী এজেন্টরা এখনো ষড়যন্ত্র করছে। গত ১৭ বছর দলের কোনো কর্মসূচি ও আন্দোলন-সংগ্রামে তাদের দেখা যায়নি। তারা ওই সময়ে আওয়ামী লীগে যোগ দিয়ে সুবিধা ভোগ করেছেন ।
রবিবার (১ ডিসেম্বর) মানিকগঞ্জের দৌলতপুর ও ঘিওর উপজেলায় বিএনপি ও সহযোগি অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে বিভিন্ন ঐক্য ও শান্তি সমাবেশে তিনি একথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে ঘোষিত ৩১ দফা প্রচারণা করেন।
তিনি বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার ও বিএনপির নেতাকর্মীদের আন্দোলনে গণঅভ্যূত্থানে স্বৈরাচার শেখ হাসিনা পতনের পর সুবিধাবাদীরা আবার কিছু নেতাদের ছত্রছায়ায় মিছিলে অংশ নিয়ে বিএনপির নাম ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ড করার পায়তারা শুরু করেছে । তারা আওয়ামী লীগের তৎকালীন সাংসদ ও উপজেলা চেয়ারম্যানের ঘনিষ্ঠজন ও বিএনপি থেকে বহিষ্কৃতদের এজেন্ট। ছাত্র-জনতা ও বিএনপির আন্দোলনের মাধ্যমে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জন হয়েছে । এই স্বাধীনতাকে ধরে রাখতে হলে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ধানের শীষে ভোট দিযে ক্ষমতায় আনতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সকল নেতাকর্মীকে কাজ করতে হবে।
এ সময় আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপি'র সহ-সভাপতি মো. লোকমান হোসেন, দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম, সাধারন সম্পাদক মো. আনিসুর রহমান, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মতিন,জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সালাউদ্দিন সেলিম, সদস্য সচিব আব্দুস ছালাম,উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আলামিন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক হুমায়ন আহম্মেদ এলিট প্রমুখ।