ফারিয়ার ক্ষোভ

চলচ্চিত্র অভিনেত্রী, মডেল, গায়ক, টেলিভিশন উপস্থাপক এবং রেডিও জকি নুসরাত ফারিয়া মাজহার। তিনি বেশিরভাগ ঢালিউড এবং টালিউড চলচ্চিত্রে কাজ করেন। ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার আশিকী চলচ্চিত্র দিয়ে তার বড় পর্দায় অভিষেক হয়।

সম্প্রতি হাসিনা সরকার পতনের পর সমালোচনার শিকার হন ঢাকাই সিনেমার অভিনেত্রী নুসরাত ফারিয়া। কাজ নিয়ে ততটা আলোচনায় নেই তিনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরুণী বয়সের চরিত্রে অভিনয় করে নুসরাত ফারিয়া সবার নজরে আসেন। কিন্তু সরকার পতনের পরই তাকে বিপাকে পড়তে হয়। কারণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তাকে নীরব ভূমিকা পালন করতেও দেখা গেছে।

সমালোচিত এই নায়িকা জীবনের ছোট-বড় ঘটনা ফেসবুকে অনুসারীর সঙ্গে ভাগাভাগি করে নেন। তেমনি একটি ফেসবুক পোস্ট গতকাল শেয়ার করেছেন এই নায়িকা। তিনি লিখেছেন, ‘অতিরিক্ত কিছুই ভালো না’। তার পোস্টে শুভাকাক্সক্ষীরা সহমত জানিয়ে লিখেছেন রাইট। আলোচনা-সমালোচনায় বিরক্ত হয়েই তিনি ফেসবুকে এই স্ট্যাটাস শেয়ার করেছেন। নেটিজেনরা অনেকেই ইতিবাচক মন্তব্য করলেও কম নেতিবাচক মন্তব্য কিন্তু নেই।

নুসরাত ফারিয়াকে সবশেষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘মুজিব : একটি জাতির রূপকার’-এ দেখা গেছে। শ্যাম বেনেগাল পরিচালিত সিনেমাটিতে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত। সরকার পতনের পর থেকে দেশের কোনো আয়োজনে এই অভিনেত্রীকে দেখা যায়নি।