ওভারপ্রতি ০.৩১ রান দিয়ে ইতিহাসের সবচেয়ে ‘কিপটে পেসার’ সিলস

বাংলাদেশের বিপক্ষে জ্যামাইকা টেস্টের প্রথম ইনিংসে দুর্ধর্ষ বোলিং করেছেন ওয়েস্ট ইন্ডিজের পেসার জেইডেন সিলস। মাত্র ১৬৪ রানে অল-আউট হওয়া বাংলাদেশকে তিনি পুরোটা সময় ভুগিয়েছেন। মাত্র ৫ রানে ৪ উইকেট শিকার করে দলের সফলতম বোলারও তিনিই। সেইসঙ্গে এমন এক রেকর্ড গড়েছেন, যা টেস্ট ক্রিকেটের প্রায় দেড়শ বছরের ইতিহাসে কখনো দেখা যায়নি।

২৩ বছর বয়সী জেইডেন সিলস জ্যামাইকা টেস্টের প্রথম ইনিংসে ১৫.৫ ওভার বোলিং করে ১০টিই মেডেন দিয়েছেন। বাকি ওভারগুলোয় দিয়েছেন মাত্র ৫ রান। এক ইনিংসে অন্তত ১৫ ওভার বা ৯০ ডেলিভারি করেছেন, এমন পেসারদের মধ্যে টেস্ট ইতিহাসের সবচেয়ে মিতব্যয়ী বোলিংয়ের কীর্তি এখন সিলসের। তিনি ওভারপ্রতি দিয়েছেন মাত্র ০.৩১ রান! ভেঙে গেল ভারতীয় পেসার উমেশ যাদবের রেকর্ড।

২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দিল্লি টেস্টে ২১ ওভারে ১৬ মেডেনসহ মাত্র ৯ রানে ৩ উইকেট নিয়েছিলেন উমেশ। ওভারপ্রতি দিয়েছিলেন ০.৪২ রান। এছাড়া সব ধরনের বোলার মিলিয়ে এই রেকর্ডে সিলসের আগে একজনই আছেন। তিনি ভারতের সাবেক বাঁহাতি স্পিনার রমেশচন্দ্র গঙ্গারাম। ১৯৬৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে তাঁর বোলিং ফিগার ছিল ৩২-২৭-৫-০। মাঝে টানা ২১ ওভার মেডেন দিয়েছিলেন।