লিভারপুলের কাছে হারের পর এই নিয়ে টানা সাত ম্যাচ জয়হীন পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। গতকাল রবিবার রাতে অ্যানফিল্ডে প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে লিভারপুল ২-০ গোলে জিতেছে। এই পরাজয়ে সিটির লিগ শিরোপা ধরে রাখার সম্ভাবনা অনেকটাই ফিকে হয় গেল। সেইসঙ্গে গার্দিওলাকে শুনতে হলো সমর্থকদের গঞ্জনা।
শুরু থেকেই সিটির ছন্নছাড়া পারফর্মেন্সে বিরক্ত হয়েছিলেন দর্শকরা। দ্বাদশ মিনিটে লিভারপুল এগিয়ে যায়। এরপর থেকেই গার্দিওলাকে ট্রোল করতে শুরু করেন দুই দলের দর্শকরা। তারা বলছিলেন, ‘কাল সকালেই তোমার চাকরি চলে যাবে।’ অবশ্য গার্দিওলাও দমে যাওয়ার পাত্র নন। তিনিও দর্শকদের উদ্দেশ্যে নিজের হাতের ছয়টি আঙুল দেখাতে থাকেন, যার দ্বারা তিনি ছয়টি লিগ শিরোপা জয় বোঝাতে চেয়েছেন।
বিরতির পর আরেকটি গোল করেন লিভারপুলের মিশরীয় স্ট্রাইকার মোহাম্মদ সালাহ। তখন আবারও বেড়ে যায় সিটি সমর্থকদের ব্যাঙ্গ-বিদ্রূপ। গার্দিওলাও ফের একইভাবে জবাব দেন। তবে এই পরাজয়ে তার দল শীর্ষস্থান থেকে ১১ পয়েন্ট পিছিয়ে পড়ল। পাঁচ নম্বরে নেমে যাওয়া ম্যানচেস্টার সিটির পয়েন্ট ২৩। ১৩ ম্যাচে ১১ জয় ও এক ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। ২৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল।