ইতালিয়ান সিরি ‘আ’ লিগের একটি ম্যাচে হঠাৎ মাঠে লুটিয়ে পড়েছিলেন ফিওরেন্তিনার তরুণ মিডফিল্ডার এদোয়ার্দো বোভ। ২২ বছর বয়সী এই ফুটবলারকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। রাখা হয় আইসিইউতে। অবশেষে সেখান থেকে এলো সুখবর। বোভের জ্ঞান ফিরেছে এবং তিনি কথাও বলতে পারছেন।
২২ বছর বয়সী এই ফুটবলারকে নিয়ে সুখবরটি দিয়েছেন ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রেজিও রোমানো। তিনি ফেসবুকে লিখেছেন, ‘আজ সকালে ভালো খবর এলো। এদোয়ার্দো বোভোর জ্ঞান ফিরছে। তিনি কথা বলছেন এবং বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছেন। হাসপাতাল সূত্রগুলো জানিয়েছে যে, এই মুহূর্তে বোভের মস্তিষ্ক বা হৃদযন্ত্রে কোনো সমস্যা নেই। নিশ্চিতভাবেই সে সুস্থ হয়ে উঠছে।’
গতকাল রবিবার রাতে ফিওরেন্তিনা ও ইন্টার মিলান ম্যাচের এক ভিডিওতে দেখা গেছে, ম্যাচের ১৬ মিনিটে বোভ হাঁটু গেড়ে মাটিতে বসে পড়েন। কয়েক সেকেন্ড পর দাঁড়িয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেই মাটিতে লুটিয়ে পড়েন। তাকে পড়ে যেতে দেখে দুই দলের খেলোয়াড়েরা ছুটে আসেন। চিকিৎসকেরা মাঠে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। তবে তাতে কাজ না হলে তাকে দ্রুত ফ্লোরেন্সের কারেজ্জি হাসপাতালে নেওয়া হয়।
উল্লেখ্য, ইতালির অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলেছেন বোভ। তার জাতীয় দলে ডাক পাওয়া কেবলই সময়ের ব্যাপার বলে মন্তব্য করেছেন অনেকে। তার সুস্থতার জন্য চলছে প্রার্থনা। বোভ অসুস্থ হওয়ার পর ফিওরেন্তিনা ও ইন্টার মিলান ম্যাচটিও বাতিল করা হয়েছে।