সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং ১৪ দলের সমন্বয়ক ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুকে আগামী ৪ ডিসেম্বর (বুধবার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার জন্য নির্দেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার ট্রাইব্যুনালের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়।
বিগত জুলাই আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যাসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধে করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে বলে জানিয়েছে ট্রাইব্যুনাল।
সোমবার শুনানি শেষে প্রসিকিউটর জি এম এইচ তামিম ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের জানান, গত জুলাই মাসে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে বিগত সরকারের সাথে ১৪ দলের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কারফিউ এবং কাউকে দেখামাত্র গুলির নির্দেশের সিদ্ধান্ত নেওয়া হয় যেখানে এ সিদ্ধান্তের পেছনে মূল হোতা ছিলেন আমু।
তিনি বলেন, বিগত সরকারের এমপি অ্যাডভোকেট কামরুল ইসলাম তার নিজস্ব সংসদীয় আসন থেকে তার ক্যাডার বাহিনীকে নির্দেশ প্রদানের মাধ্যমে আন্দোলনরত ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি বর্ষণ করান এবং এতে আহত ও নিহত হয় অনেক মানুষ। এসব অভিযোগে তাদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত।
এর আগে নভেম্বরের ৬ তারিখ ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার হন আমু এবং ১৮ তারিখ উত্তরা থেকে গ্রেপ্তার করা হয় কামরুলকে। বিভিন্ন থানায় দায়েরকৃত হত্যা মামলায় গ্রেপ্তার অবস্থায় কারাগারে আছেন আমু ও কামরুল।