পরশুরামে অপরাধ নিয়ন্ত্রণে বিট পুলিশিং সংক্রান্ত মতবিনিময় সভা

মাদক, চোরাচালান, জুয়া, ইভটিজিং,বাল্যবিবাহ,জঙ্গিবাদ, মোবাইল ফোনের অপব্যবহার, সাইবার ক্রাইমসহ সামাজিক অপরাধ প্রতিরোধে পরশুরাম পৌরসভার ৪,৫,ও ৬ নং ওয়ার্ডের সমন্বয়ে উত্তর কোলাপাড়ায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) বিকালে উত্তর কোলাপাড়া জামে মসজিদের সেক্রেটারি ও উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুল আলম শাকিলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম।

বিট অফিসার এসআই এহসানুল হকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ব্যাংকার রাজ্জাবুল হক রোমন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, পৌর বিএনপি যুগ্ম আহ্বায়ক ও উত্তর কোলাপাড়া জামে মসজিদের কোষাধ্যক্ষ আবদুল মদি ভূঁইয়া রাজন, পৌর যুবদলের আহ্বায়ক মোস্তফা খোকন, সমাজ সেবক আবুল হাসান মামুন, সহকারী বিট অফিসার এএসআই তাপস চন্দ্র মজুমদার , এএসআই ইমদাদুল হক ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কাজী জহিরুল করিম জনি।

ওসি মোহাম্মদ নুরুল হাকিম বলেন, ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি" এই শ্লোগান নিয়ে জনগণকে দ্রুত সময়ে সেবা প্রদান, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থতির স্থিতিশীল রাখতে বিট পুলিশিং কার্যক্রম শুরু করা হয়েছে।

তিনি বলেন,পুলিশের সাথে মন খুলে সব বিষয় বলবেন। পুলিশ আপনাদের সহযোগী হিসেবে কাজ করছে। আপনাদের প্রচেষ্টায় পরশুরামে সকল অপরাধ নিয়ন্ত্রণে আসবে।