ওয়ানডেতে দুর্দান্ত পারফরম্যান্সের পর এবার টি-টোয়েন্টির দরজাও খুলল শারমিন আক্তার সুপ্তার। দলের মূল ব্যাটার হয়েই প্রায় দুই বছর পর ২০ ওভারের সংস্করণে ফিরলেন তিনি। এছাড়া প্রায় ৬ বছর পর আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টির জাতীয় দলে ডাক পেলেন স্পিনার অলরাউন্ডার জান্নাতুল ফেরদৌস সুমনা।
সবশেষ ২০২২ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন শারমিন। তারও আগে, ২০১৮ সালের মে মাসে দক্ষিণ আফ্রিকা সফরে টি-টোয়েন্টি অভিষেক হয় সুমনার। এর আর ম্যাচ খেলেননি তিনি। মাঝে অস্ট্রেলিয়ায় যান পড়াশুনা করতে। সেখানে স্থানীয় ক্লাব ক্রিকেট খেলেন বেশ কয়েক বছর। পরে আবার দেশে ফিরে ঘরোয়া ক্রিকেটে মন দেন তিনি। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগ ও জাতীয় লিগে খেলার পর এবার ডাক পেলেন জাতীয় দলে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী বৃহস্পতিবার, শনিবার ও সোমবার হবে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ।
প্রথম দুই টি-টোয়েন্টির বাংলাদেশ স্কোয়াড
নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, দিলারা আক্তার, শারমিন আক্তার, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম, জাহানারা আলম, জান্নাতুল ফেরদৌস সুমনা, তাজ নেহার, সানজিদা আক্তার