অধস্তন আদালতে এক মাস অবকাশকালীন ছুটি শুরু

সারাদেশের জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, এবং অধীনস্থ সব আদালতে বার্ষিক অবকাশকালীন ছুটি শুরু হয়েছে। ছুটির আওতার বাইরে থাকবে সারাদেশের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

সোমবার (২ ডিসেম্বর) থেকে শুরু হওয়া এ অবকাশ চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এই সময়ে নিম্ন আদালতগুলোর কার্যক্রম বন্ধ থাকবে। তবে জরুরি মামলা নিষ্পত্তির জন্য আদালতের সংশ্লিষ্ট কিছু বেঞ্চের কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময়ে ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের অবকাশকালীন বিচারক হিসেবে ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ নাসরিন জাহানকে জামিন সংক্রান্ত মামলাগুলো নিষ্পত্তির দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আগামী ৪, ৫, ১১, ১২, ১৮, ১৯, ২৬ ও ২৯ ডিসেম্বর জামিন সংক্রান্ত মামলাগুলো নিষ্পত্তি করবেন।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের জামিন সংক্রান্ত মামলাগুলো নিষ্পত্তির জন্য অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. ইব্রাহীম মিয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আগামী ৪, ৫, ১১, ১২, ১৮, ১৯, ২৩ ও ২৪ ডিসেম্বর অবকাশকালীন জামিন সংক্রান্ত মামলাগুলো নিষ্পত্তি করবেন। এবারে প্রথম দ্রুত বিচার ট্রাইব্যুনাল, বিশেষ জজ,  নারী ও শিশু ট্রাইব্যুনাল  আদালত গুলোর কার্যক্রম  বন্ধ  থাকিবে।