সাইকোলজিক্যাল থ্রিলারে

নতুন এক সিনেমার জন্য প্রযোজকের সঙ্গে আলোচনায় রয়েছেন আলিয়া ভাট। তিনি সম্প্রতি একটি মনস্তাত্ত্বিক অতিপ্রাকৃত থ্রিলারের স্ক্রিপ্ট পড়েছেন।

‘ডিয়ার জিন্দেগি’ খ্যাত এই অভিনেত্রী জানিয়েছেন, স্ক্রিপ্টটি তাকে ভীষণভাবে আকর্ষণ করেছে। ‘লাভ অ্যান্ড ওয়্যার’; এরপর এই সিনেমাটি হতে যাচ্ছে বড় পর্দায় তার নতুন কাজ। সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা ২০২৫ সালের শুরুর দিকে আসবে বলে ধারণা করা হচ্ছে।

প্রাথমিকভাবে সিনেমাটির নাম রাখা হয়েছে ‘চামুণ্ডা’। এটি এখন স্ক্রিপ্টিং পর্যায়ে রয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট এক ব্যক্তি জানিয়েছেন, ‘চামুণ্ডা’ নামটি প্লটের জন্য গুরুত্বপূর্ণ। এটি মনস্তাত্ত্বিক ও অতিপ্রাকৃত বিষয়ে নির্মিত হবে। হরর ঘরানায় বলিউড ইন্ডাস্ট্রির যাত্রা শুরু বহু আগে থেকেই। আলিয়া ভাটের নতুন এই ছবিটি হতে যাচ্ছে তার নতুন সংযোজন।

২০১২ সালে করণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবির হাত ধরে বলিউডে পদার্পণ করেছিলেন আলিয়া। গ্ল্যামারাস শানায়ার ভূমিকায় আলিয়ার অভিনয় সবার নজর কেড়ে নিয়েছিল।

২০১৮ সালে ‘রাজি’ এবং ২০১৯ সালে ‘গলি বয়’-এর হাত ধরে সাফল্যের শিখরে পৌঁছে গিয়েছিলেন আলিয়া। ২০২২ সালে আলিয়ার ক্যারিয়ারের সব থেকে বড় হিট ‘ব্রহ্মাস্ত্র : পার্ট ওয়ান-শিবা’ ছবিটি ভারতেই আয় করেছে ২৬৭.২ কোটি টাকা। এরপর ২০২৩ সালে ‘রকি অওর রানি কি প্রেম কাহানি’ ছবিও বক্স অফিসে দারুণ সাফল্য পায়। ‘হাইওয়ে’ খ্যাত এই অভিনেত্রী ২০১৮ সালের টাইমস অব ইন্ডিয়ার ‘৫০ সর্বাধিক কাক্সিক্ষত মহিলা’ তালিকায় প্রথম স্থান পেয়েছিলেন।

মুমতাহিনা মেহনাজ অনিভা