নতুন মামলায় গ্রেপ্তার সাবেক ৪ মন্ত্রী-প্রতিমন্ত্রী

নতুন মামলায় সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, ডা. দীপু মনি ও সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানো হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলা ও বিএনপির নেতাকর্মীদের হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুকে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর শাহবাগ এলাকায় রিয়াজুল নামের এক ব্যক্তিকে হত্যার মামলায় দীপু মনিকে এবং রাজধানীর রামপুরা এলাকায় সোহান শাহ নামের এক পোশাককর্মীকে গুলি করে হত্যা মামলায় হাসানুল হক ইনুকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে সংশ্লিষ্ট আদালত।

গতকাল সোমবার তাদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। আসামিপক্ষের আইনজীবীরা জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাদের গ্রেপ্তার দেখানো আবেদন মঞ্জুর করে।

শাহবাগ থানাধীন তোপখানা রোডে রিয়াজুল তালুকদার নামের এক ব্যক্তিকে হত্যা মামলায় দীপু মনি ও পলককে গ্রেপ্তার দেখানো হয়। গত ৪ আগস্ট তোপখানা রোডে রিয়াজুলকে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। গত ২৬ অক্টোবর রাজধানীর শাহবাগ থানায় এ মামলাটি করেন রিয়াজুলের পূর্বপরিচিত বিল্লাল হোসেন। পল্লবীতে আকরাম খান রাব্বী হত্যা মামলায় সংরক্ষিত মহিলা আসনের (কক্সবাজারের চকরিয়া-পেকুয়া উপজেলা) সাবেক সংসদ সদস্য ও মহিলা আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সভানেত্রী মোসা. সাফিয়া খাতুন (৭০) জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠিয়েছে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবদুল ওয়াহাব।

মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার পুলিশ পরিদর্শক আদিল হোসেন কারাগারে আটক রাখার আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে পল্লবী থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক ওহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। গত ৩০ নভেম্বর রাজধানী পল্লবী থানাধীন বালুঘাট এলাকা থেকে সাফিয়া খাতুনকে গ্রেপ্তার করে পুলিশ।

রিমান্ড শেষে কারাগারে আনিসুল হক : রাজধানীর উত্তরা পূর্ব থানার এলাকায় পোশাককর্মী ফজলুল করিম হত্যা মামলায় সাবেক আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হককে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল পাঁচ দিনের রিমান্ড শেষে আনিসুল হককে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. মাহমুদুর রহমান তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাগীব নূর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ২০ নভেম্বর এ মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিল আদালত। গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে সময় ফজলুল করিম গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে রাজধানীর উত্তরা পূর্ব থানায় ৪০ জনের নামে এ মামলাটি করেন।