বেলাব উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

নরসিংদীর বেলাব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে বেলাব সদরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পার্শ্ববর্তী শিবপুর থানার একটি বিস্ফোরক ও হত্যা মামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

নজরুল ইসলাম বেলাব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, শিবপুর থানার একটি বিস্ফোরক ও হত্যা মামলায় বেলাব থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসাইন বলেন, গত জুলাইয়ে ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলা বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলা ও শিক্ষার্থীসহ ৪ জন নিহতের ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো প্রস্তুতি চলছে।