নিজের প্রথম সিনেমা ‘সাবা’ নিয়ে আন্তর্জাতিক ট্যুরে ব্যস্ত মেহজাবীন চৌধুরী। দ্বিতীয় ছবি নিয়েও যাচ্ছে বিভিন্ন দেশের ফিল্ম ফেস্টিভ্যালে। সম্প্রতি মিশর ঘুরে এলেন তিনি।
সেখান থেকে আসার পর অভিনেত্রী জানান, ‘আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে কোন দেশকে নিয়ে তোমার অনেক বেশি ভালো লাগা কাজ করে আমি সব সময় বলবো মিশর। ছোটবেলা থেকে স্বপ্ন ও ইচ্ছা ছিল মিশরে যাওয়ার।’
এর মাধ্যমে অভিনেত্রীর ছোটবলোর স্বপ্নপূরণ হয়েছে। ঘুরে এসেছেন ‘নীল নদের দান’ মিশর। এছাড়াও ঘুরে এসেছেন কায়রো থেকে। কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪-এ প্রিমিয়ার হয়েছে অভিনেত্রীর দ্বিতীয় সিনেমা ‘প্রিয় মালতী’র। তার প্রিমিয়ারে অংশ নিতে গিয়েছিলেন সেখানেও।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে মিশর ভ্রমণের অভিজ্ঞতা ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন মেহজাবীন। যেখানে দেখা যায়, রেড লুক নেট টপ সঙ্গে ফ্ল্যারেড প্যান্টসে ন্যাশনাল মিউজিয়াম অফ ইজিপ্সিয়ান সিভিলাইজেশন (এনএমইসি) ঘুরাঘুরি করেছেন তিনি।।
ছবি শেয়ার করে ক্যাপশনে এই তারকা লিখেছেন, ‘আমার কায়রো সফর সত্যিই অবিস্মরণীয় ছিল। যাদুঘরটিতে এমন কিছু ছিল যা আমি অধীর আগ্রহে দেখছিলাম। কয়েক বছর পরে অবশেষে মমি দেখতে পেয়েছি।’
মিশরের ইতিহাস সম্পর্কে অভিনেত্রীর ভাষ্য, ‘যদিও দর্শকদের মমিগুলোর ছবি তোলার অনুমতি দেওয়া হয়নি, মিশরের অবিশ্বাস্য ইতিহাস দেখার অভিজ্ঞতা আমার মনে প্রাণবন্ত হয়ে থাকবে। এর বাইরে মিশরের আরও অনেক কিছু দেখেছি। মিশর সত্যিই জাদুকরী দেশ।’
জানা গেছে, খুব শিগগিরই ‘সাবা’ ও ‘প্রিয় মালতী’ মুক্তি পাবে দেশে।