শরিয়তপুরস্থ সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজে “প্রবীণ জীবন স্বস্তিময় ও শান্তিপূর্ণ করতে তরুণদের নৈতিকতা, মূল্যবোধ ও দেশপ্রেম জাগ্রতকরণ” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ড. রাধেশ্যাম প্রণতি ফাউন্ডেশন ( ডিআরপি ফাউন্ডেশন) ও সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজ যৌথভাবে সেমিনারের আয়োজন করে। অধ্যক্ষ প্রফেসর মো: ওয়াজেদ কামালের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিআরপি ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. রাধেশ্যাম সরকার।
তিনি সবার উদ্দেশ্যে বলেন, প্রবীণদের সুরক্ষা, সম্মান, মর্যাদা ও অধিকার নিশ্চিতের জন্য সবার ভূমিকা আবশ্যিক। বিশেষ করে দেশের তরুণরা এগিয়ে এলে প্রবীণ-তরুণের মেলবন্ধনে সৃষ্টি হবে এক মানবিক সমাজ। দেশের তরুণ সমাজের নৈতিকতা ও মূল্যবোধ যত বেশী শক্তিশালী হবে প্রবীণ জীবন ততবেশী স্বস্তিদায়ক ও শান্তিপূর্ণ হবে।
সভাপতি আলোচনায় অংশ নিয়ে বলেন, বর্তমান সমাজে বাস্তবতার সঙ্গে মিলিয়ে দেখলে দেখা যাবে যে, তরুণ সমাজের নৈতিকতা, মূল্যবোধ ও দেশপ্রেম ক্রমবর্ধমানভাবে হ্রাস পাচ্ছে। তাই প্রবীণদের প্রতি যথাযথ সম্মান, মর্যাদা ও শ্রদ্ধাবোধ সৃষ্টি করা অত্যাবশ্যক। তিনি ইনস্টিটিউটের পক্ষ থেকে ব্যতিক্রম ধর্মী একটি বিষয়ে সেমিনার করার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
সেমিনারে বিভাগীয় প্রধানগণ, শিক্ষক মণ্ডলী, কর্মকর্তা, কর্মচারীসহ দুইশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ড. রাধেশ্যাম প্রণতি ফাউন্ডেশন (ডিআরপি ফাউন্ডেশন) সরকারের সোসাইটি আইনে নিবন্ধিতি একটি স্বেচ্ছাসেবী সংস্থা।