মান্নার সঙ্গে শ্রাবন্তীর ‘বিশেষ স্মৃতি’, আবেগতাড়িত অভিনেত্রী

গণ মানুষের নায়ক বলা হতো মান্নাকে। তিনি প্রয়াত হয়েছেন প্রায় ১৬ বছর। হঠাৎই তার সঙ্গে পুরনো কিছু ছবি শেয়ার করে স্মৃতিচারণ করলেন এক সময়ের ব্যস্ত ও জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। 

ছবির সঙ্গে এক বিশেষ মুহূর্তের কথা স্মরণ করে অভিনেত্রী জানালেন, ২০০৫ সালের এপ্রিল মাসে আমেরিকার সান ফ্রান্সিসকোতে ছবিটি তোলা। সেখানে ঢাকাই সিনেমার প্রয়াত নায়ক মান্নার সঙ্গে ছিলেন শ্রাবন্তীও।

ক্যাপশনে শ্রাবন্তী লিখেন, ‘আমাদের প্রিয় মান্না ভাইয়ের সঙ্গে শেষবার ২০০৫ সালে সান ফ্রান্সিসকোতে, আল্লাহ তাকে চির শান্তি দান করুন! এই লালিত স্মৃতি স্মরণ করা আমাকে গভীর আবেগের জগতে নিয়ে যায়।’ মান্নার প্রতি তার এমন ভালোবাসা দর্শকদেরও আবেগতাড়িত করে দেয়।

Manna-Srabanti 2

২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান চিত্রনায়ক মান্না। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘দাঙ্গা’, ‘লুটতরাজ’, ‘তেজী’, ‘আম্মাজান’, ‘বীর সৈনিক’, ‘শান্ত কেনো মাস্তান’, ‘বসিরা’, ‘খল নায়ক’, ‘রংবাজ বাদশা’, ‘সুলতান’, ‘টপ সম্রাট’, ‘ঢাকাইয়া মাস্তান’ ইত্যাদি।

অন্যদিকে বিজ্ঞাপন, নাটক ও চলচ্চিত্রে কাজ করে দর্শকপ্রিয়তা পান শ্রাবন্তী। তার অভিনীত ‘রং নাম্বার’ সিনেমাটি ব্যাপক সাড়া ফেলেছিল। বর্তমানে শ্রাবন্তী নিউইয়র্কে বসবাস করছেন।