যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাব আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ২০২৪ সালের বর্ষসেরা ব্যক্তি হিসেবে স্বীকৃতি পেলেন ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির স্নাতকোত্তর শিক্ষার্থী আবদুল আউয়াল মিন্টু।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডেটা বিশ্লেষণভিত্তিক গবেষণাপত্র, প্রকাশনা ও নিবন্ধে তার অসাধারণ অবদানের জন্য এই সম্মাননা প্রদান করা হয়।
গত ২৮ নভেম্বর নিউইয়র্কের কুইন্সের একটি পার্টি হলে অনুষ্ঠিত এই আয়োজনে নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি মেম্বার জেনিফার রাজকুমার এবং আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাব(এবিপিসি) এর শীর্ষ কর্মকর্তারা তার হাতে সম্মানসূচক ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন। তাদের ভাষায়, মিন্টুর গবেষণা ডিজিটাল যুগে গণমাধ্যমের কাঠামো এবং কার্যপ্রক্রিয়াকে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে নতুন উচ্চতায় নিয়ে যেতে সহায়তা করবে।
মিন্টু অনেক দিন ধরেই গবেষণাধর্মী কাজে যুক্ত আছেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ডেটা বিশ্লেষণ নিয়ে তার একাধিক গবেষণাপত্র যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় জার্নালে প্রকাশিত হয়েছে। এসব গবেষণায় তিনি গণমাধ্যম ও সাংবাদিকতার প্রচলিত ধারা বদলে কিভাবে এআই প্রযুক্তি ব্যবহার করে আরও কার্যকর ও প্রাসঙ্গিক করা যায়, তা তুলে ধরেছেন। তাছাড়া ডাটা বিশ্লেষণের মাধ্যমে কিভাবে ভুল ও মিথ্যা তথ্য যাচাই করা যা তা নিয়েও তার প্রকাশনা আছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা ও এনালিটিক্সের বিভিন্ন পদ্ধতি প্রয়োগের মাধ্যমে বিভিন্ন সেক্টরে কিভাবে আরো উন্নতি করা যায় এসব নিয়েও তার গবেষণা চলমান আছে। বিশেষজ্ঞরা মনে করেন, তার কাজ ভবিষ্যতের গণমাধ্যমের জন্য দিকনির্দেশক হয়ে থাকবে।
যুক্তরাষ্ট্রে পাড়ি দেওয়ার আগে আবদুল আউয়াল মিন্টু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাব এর আগের বছরগুলোতেও এমন সম্মাননা জানিয়েছেন আরও অনেক গুণী ব্যক্তিত্বকে।
২০২৪ এর বর্ষসেরার সম্মাননা গ্রহণের পর মিন্টু বলেন, “এই পুরস্কার শুধু আমার নয়, এটি সবার জন্য যারা প্রযুক্তি এবং সাংবাদিকতার মেলবন্ধনে কাজ করার স্বপ্ন দেখেন। আমি কৃতজ্ঞ নিউইয়র্কের এই সংগঠন এবং বাংলাদেশি কমিউনিটির প্রতি, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতি যারা আমাকে উৎসাহ দিয়েছেন।”
এ অনুষ্ঠানে বাংলাদেশ সোসাইটির সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হওয়ায় সাংবাদিক অনিক রাজকে বিশেষ সম্মাননা জানানো হয়।
গেস্ট অব অনার হিসেবে নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি মেম্বার জেনিফার রাজকুমার বলেন, “বাংলাদেশি সাংবাদিক ও মিডিয়া কর্মীদের সামনে এখন আরও এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। প্রযুক্তি আর উদ্ভাবনের এই যাত্রায় তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি এবং চ্যানেল আই উত্তর আমেরিকা ব্যুরো প্রধান বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ। উপস্থাপনায় ছিলেন সাংবাদিক রেজওয়ানা এলভিস ও বিডিইয়র্ক সম্পাদক শাহ ফারুক। এতে নিউইয়র্কের বাংলাদেশি বংশোদ্ভূত পেশাজীবি সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী ও গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি শেষ হয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে, যেখানে অংশ নেন রানু নেওয়াজ, অনিক রাজ, স্বপ্নীল সজীবসহ অনেকেই। প্রতিবছরের মতো এ বছরও থ্যাংকসগিভিং উপলক্ষে এই আয়োজনটি হয়ে উঠেছিল স্মরণীয়। আর আবদুল আউয়াল মিন্টুর অর্জন এই আয়োজনকে আরও বিশেষ করে তুলেছে।