একটি ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্ক সীমাবদ্ধ হতে পারে না: প্রণয় ভার্মা

বাংলাদেশ-ভারত সম্পর্ক অনেক বিস্তৃত ও বহুমুখী বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি বলেছেন, এ সম্পর্ককে নির্দিষ্ট ইস্যু বা এজেন্ডার কারণে সীমাবদ্ধ করতে পারি না।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে তলব পেয়ে বিকাল ৪টায় হাইকমিশনার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন। পরে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে বৈঠক করেন।

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভারতের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রণয় ভার্মা বলেন, আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পৃক্ত হতে আগ্রহী এবং শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের অভিন্ন আকাঙ্খা পূরণে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী।

তিনি বলেন, এটা খুবই বিস্তৃত সম্পর্ক, বহুমুখী সম্পর্ক। আমরা এটাকে মধ্যে নামিয়ে আনতে পারি না।

ভারতীয় হাইকমিশনার বলেন, আমরা সত্যিকার অর্থে একটি গঠনমূলক ও স্থিতিশীল সম্পর্ক চাই। এখানে অনেক বিষয় রয়েছে। অনেক বিষয়ে একে অপরের ওপর নির্ভরশীলতা রয়েছে। পরস্পরের ওপর এই নির্ভরশীলতাকে আমরা উভয়ের স্বার্থে কাজে লাগাতে চাই। আমরা আমাদের সহযোগিতা অব্যাহত রাখব, যাতে আমাদের দুই দেশই উপকৃত হয়। এখানে অনেক ইতিবাচক অগ্রগতিও রয়েছে।

এর আগে সোমবার ত্রিপুরাতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে উগ্র হিন্দুরা গেট ভেঙে ঢুকে পড়ে এবং পুলিশের উপস্থিতিতে ভাঙচুর চালায়। সময় বাংলাদেশের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলা হয়। ‘হিন্দু সংঘর্ষ সমিতি’ নামে একটি সংগঠনের সমর্থকরা এই হামলা চালান বলে জানা গেছে।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। পরে এদিন সন্ধ্যায় এ হামলার ঘটনায় এক বিজ্ঞপ্তিতে তীব্র প্রতিক্রিয়া জানায় বাংলাদেশ।