সিনেমায় নীরব

অনেক দিন নেই পর্দায়। মাস কয়েক আগে একটি সিনেমার শুটিং করেছিলেন বিদ্যা সিনহা মিম, কিন্তু এরপর আর সেটির আপডেট পাওয়া যায়নি। এরপর মরুর দেশে পাড়ি জমিয়েছিলেন অভিনেত্রী। পরে সেখান থেকে যুক্তরাষ্ট্রে, সেখানে অংশ নিয়েছিলেন একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানে। সেই আয়োজনে অংশ নিয়ে পুরস্কৃতও হয়েছেন মিম। টানা ১২ দিন নিউ ইয়র্কে কাটিয়ে গতকাল দেশে ফিরলেন মিম।

দেশ রূপান্তরের সঙ্গে আলাপকালে অভিনেত্রী কথা বললেন তার কাজের স্বীকৃতি পাওয়া নিয়ে। অনুষ্ঠানের আয়োজনের প্রসঙ্গ তুলে বিদ্যা সিনহা মিম বলেন, ‘কাজের স্বীকৃতি পেতে কার না ভালো লাগে। গত কয়েক বছর ধরে বিশ্বের বিখ্যাত ইভেন্ট নিউ ইয়র্ক ফ্যাশন উইক-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আসছেন ফ্যাশন ডিজাইনার পিয়াল হোসেন। পিয়াল ভাই আমাদের বেশ প্রিয় একজন মানুষ। এত বড় একটা আয়োজনে অংশ নিতে পেরে দারুণ লেগেছে। সম্মাননা পাওয়ার পাশাপাশি ফ্যাশন ও মিউজিক্যাল শোতে অংশ নিয়েছিলাম। সব মিলিয়ে দারুণ একটা সময় কেটেছে।’

এদিকে তার হাতে নেই কোনো সিনেমা। এই মূহুর্তে বিভিন্ন এন্ডোরসমেন্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

নতুন কাজের খবর জানতে চাইলে ‘পরাণ’ খ্যাত এই অভিনেত্রী বলেন, ‘বর্তমানে সিনেমার কাজ কম তাই আমার ব্র্যান্ডগুলোর বিজ্ঞাপন আর শুটের কাজ নিয়ে ব্যস্ত আছি। বিভিন্ন প্রতিষ্ঠানের ফটোশুটেও অংশগ্রহণ করছি। সামনে যদি কোনো কাজ থাকে তাহলে অবশ্যই আপনাদের জানাব।’

মিম সম্প্রতি শেষ করেছেন ‘দিগন্তের ফুলের আগুন’ সিনেমার শুটিং। ওয়াহিদ তারেক পরিচালিত এই সিনেমাতে মিমের সহশিল্পী মোস্তাফা মনওয়ার।

দেড় দশক আগে ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় নাম লেখান বিদ্যা সিনহা মিম। নানা ধাপ পেরিয়ে ২০০৭ সালের সেই আসরে চ্যাম্পিয়ন হন তিনি। এরপর বিনোদন অঙ্গনে তার পথচলা শুরু। সিনেমা, নাটক, বিজ্ঞাপনচিত্র, ওয়েব সিরিজ সব মাধ্যমে কাজ করছেন।