এবার ওটিটিতে

প্রেক্ষাগৃহের পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে কুসুম সিকদার পরিচালিত ও অভিনীত ছবি ‘শরতের জবা’। মুক্তির পর দর্শকদের প্রশংসা পায় ছবিটি। প্রেক্ষাগৃহে মুক্তির দুই মাসের মাথায় এবার ছবিটি মুক্তি পেতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে।

জানা গেছে, আগামী ১২ ডিসেম্বর বেলা ৩টায় আইস্ক্রিনে স্ট্রিমিং হবে ‘শরতের জবা’। ছবিটি দেখতে ২০ টাকা দিয়ে দর্শককে সাবস্ক্রাইব করতে হবে। নিজের লেখা বই ‘অজাগতিক ছায়া’ থেকে ‘শরতের জবা’ গল্পটি চলচ্চিত্রের পর্দায় তুলে এনেছেন কুসুম। এটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম ও পহরডাঙ্গা পিকচার্স। ২০২১ সালের বইমেলায় কুসুম সিকদারের এই বইটি ‘অজাগতিক ছায়া’ তাম্রলিপি প্রকাশনী থেকে বের হয়েছিল।

একজন একাকী নারীর রহস্যময় জীবনের গল্প ‘শরতের জবা’। অতৃপ্ত প্রেম, আঘাতের পর আঘাত, কিছু অপ্রত্যাশিত মৃত্যু জড়ানো জবার জীবন নানা সময়ে একেক প্রশ্নের জন্ম দেয়। জবা কি আসলেই খুনি? নাকি অদৃশ্য কোনো শক্তি রয়েছে তার সঙ্গে? এমন থ্রিলার গল্পে নির্মিত হয়েছে শরতের জবা।

গেল ১১ অক্টোবর দেশের সিনেমা হলে মুক্তি পেয়েছিল সিনেমাটি। কুসুম সিকদার ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিতু আহসান, ইয়াশ রোহান, নিদ্রা দে নেহা, নরেশ ভূঁইয়া, শহিদুল আলম সাচ্চু।