দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে দেশ ও দেশের বাইরে কাজ করে যাচ্ছেন ডিজে রাহাত। তার প্রতিষ্ঠান ‘গ্যারেজ’ থেকে ডিজে সনিকা, ডিজে ওয়াহিদ, ডিজে মেহেদীসহ আরও অনেকেই শিক্ষালাভ করে নিজেদের পেশাদার ডিজে হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। এবার ডিজেইং-এর পাশাপাশি ভিন্ন ধরনের এক উদ্যোগ নিয়েছেন ডিজে রাহাত।
বাংলাদেশের প্রচলিত জনপ্রিয় ত্রিশটিরও বেশি ফোক গান যেকোনো ডিজে পার্টিতে উপস্থাপনের জন্য বা বাজানোর জন্য ড্যান্স ফরমেটে তৈরি করছেন। এগুলোর মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছেন তিনি নিজেই। আর নতুন করে প্রচলিত জনপ্রিয় এই গানগুলোতে কণ্ঠ দিচ্ছেন শফি মণ্ডল, ডলি সায়ন্তনী, পিন্টু ঘোষ, পারভেজ, আনিকা, শুভ, মিলন, ইমরান, অবন্তী সিঁথি, শিরীন, কর্ণিয়া, কামরুজ্জামান রাব্বি, সাদিয়া লিজাসহ আরও অনেকে।
গত ২ ডিসেম্বর থেকে বিএফডিসিতে গানগুলোর ভিডিও ধারণের কাজ চলছে। জানা গেছে, আগামী বছরের শুরু থেকে ত্রিশটিরও বেশি ফোক গানসহ নতুন ১০টি মৌলিক গান ২০২৫ সাল জুড়ে ডিজে রাহাতের ইউটিউব চ্যানেল ‘ডিজে রাহাত’-এ প্রকাশ পাবে।
ডিজে রাহাত বলেন, ‘যেহেতু আমার পেশাই ডিজেইং করা এবং আমার কাজই হলো একজন ডিজে হিসেবে মানুষকে নাচানো তাই আমি এমন কিছু জনপ্রিয় ফোক গান ড্যান্স ফরমেটে করছি নতুন করে যে গানগুলো বিভিন্ন ডিজে পার্টিতে আমি বা অন্যরা হিন্দি ইংরেজি গানের পাশাপাশি আমাদের গানগুলোও বাজাতে পারবে। কারণ আমি দেখেছি যে বিভিন্ন ডিজে পার্টিতে হিন্দি ইংরেজির পর বাংলা কোনো গান বাজানো যায় না। কারণ আমরা পুরনো জনপ্রিয় যেসব গান শুনি, সেসব গান ডিজে পার্টিতে পরিবেশনের উপযোগী নয়। এখনকার জেনারেশন যে সাউন্ড পছন্দ করে, সেই সাউন্ডে যেন শুনতে পারে এবং চাইলে যেন নাচতেও পারে এমন ভাবনা থেকেই শিল্পীদের দিয়ে ড্যান্স ফরমেটে নতুন করে গানগুলো করছি। আগামীতে ১০/ ১৫টা হিন্দি ইংরেজি গানের পাশাপাশি যেন ১০টা বাংলা গানও বাজেÑ এটাই আমার লক্ষ্য।’