আদালতের আদেশ না মেনে চট্টগ্রামের কর্ণফুলী নদীর জায়গা লিজ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ তিনজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল দিয়েছে উচ্চ আদালত। একই সঙ্গে পত্রিকায় প্রকাশিত ইজারা বিজ্ঞপ্তির কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।
গতকাল মঙ্গলবার এ বিষয়ে করা আবেদনের ওপর শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রুল দেয়। আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ।
সাংবাদিকদের তিনি বলেন, কর্ণফুলী নদী রক্ষায় ২০১০ সালে পরিবেশবাদী ও মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) জনস্বার্থে একটি রিট আবেদন করে। শুনানি শেষে হাইকোর্ট ২০১৬ সালে কর্ণফুলী নদীর সীমানা জরিপ সংরক্ষণ করার নির্দেশ দিয়ে রায় দেয়। সেই রায় ও নির্দেশনা অমান্য করে ৭ নভেম্বর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পক্ষে পত্রিকায় একটি দরপত্র আহ্বান করা হয়।
তিনি আরও বলেন, বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান ও বন্দরের অতিরিক্ত সচিব (প্রশাসন ও পরিকল্পনা) মোহাম্মদ হাবিবুর রহমান, ডেপুটি ম্যানেজার (স্টেট) মো. শিহাব উদ্দিনের বিরুদ্ধে এ রুল দেওয়া হয়েছে।