৯ দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে, ছড়াচ্ছে রোগ-বালাই 

অগ্রহায়ণের শীতে কাঁপছে উত্তরের হিমপ্রবণ জেলা পঞ্চগড়। টানা ৯ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হচ্ছে এ জেলায়। রাতে তাপমাত্রা নিম্নস্তরে চলে গেলেও দিনে গরম অনুভূত হয়। দিনে-রাতে দুই রকম আবহাওয়ার কারণে পাল্লা দিয়ে বেড়েছে জ্বর-সর্দিসহ শীতজনিত বিভিন্ন রোগব্যাধি।

বুধবার (৪ ডিসেম্বর) সকাল ৯টায় এ জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ভোর ৬টায় ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগের দিনের তুলনায় সামান্য বেড়েছে তাপমাত্রা।

স্থানীয়রা বলছেন, সন্ধ্যার পর থেকেই শুরু হয় ঠাণ্ডা বাতাস। রাত বাড়তে থাকলে বাড়ে কনকনে শীতের প্রকোপ। সাধ্য অনুযায়ী শীত নিবারণে লেপ, কম্বল ও কাথা নিতে হচ্ছে রাতে। সকাল ৯টার পর থাকছে না ঠাণ্ডার প্রভাব। দিনে-রাতে দুই রকম আবহাওয়ার কারণে ঘরে ঘরে জ্বর-সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছে মানুষ।  

এ ব্যাপারে জানতে চাইলে পঞ্চগড়ের প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ বলেন, গত ৯ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হচ্ছে জেলার তেঁতুলিয়ায়। বুধবার সকাল ৯টায় ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ। 

তিনি আরও জানান, এর আগে গতকাল মঙ্গলবার সকাল ৯টায় ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।