সিরাজগঞ্জে ৩২ গ্রাম হেরোইনসহ বাবু শেখ নামের এক বিএনপি নেতাকে আটক করেছে যৌথবাহিনী। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে সিরাজগঞ্জ পৌর শহরের মাহমুদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক বাবু শেখ সিরাজগঞ্জ পৌর শহরের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। তিনি মাহমুদপুর মহল্লার দানিজ শেখের ছেলে।
ওসি হুমায়ুন কবির বলেন, ‘পুলিশের সহযোগিতায় সেনাবাহিনী অভিযান চালিয়ে ৩২ গ্রাম হেরোইনসহ বাবুকে আটক করে। আটককালে তার কাছ থেকে মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও ৮ হাজার ৮৫০ টাকা জব্দ করা হয়। বাবুর বিরুদ্ধে মাদক আইনে মামলা চলমান। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।’