সার্টিফিকেশন বোর্ড থেকে পদত্যাগ করেছেন খিজির হায়াত

বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর সার্টিফিকেশন বোর্ড থেকে পদত্যাগ করেছেন নির্মাতা খিজির হায়াত খান। গত নভেম্বর মাসেই তিনি পদত্যাগ করেছেন বলে জানা গেছে। এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন তিনি নিজেই।  

সেই পোস্টে খিজির হায়াত লেখেন, ‘আমার যুদ্ধ ইসলামিক মৌলবাদ, হিন্দুত্ববাদ সহ আমার দেশের ভিতর ও বাহিরের সকল শত্রুর বিরুদ্ধে। ইহা চলমান থাকিবে যতদিন নিঃশ্বাস বহিবে। সরকারি পদে থাকা মানে এই নয় যে মনের কথা এডিট করে বলতে হবে। সেই জন্য হাজারো মানুষ ২৪ শে আসিয়া আবারও প্রাণ দেয় নাই, আহত হয় নাই, আর যদি তাই নিয়ম হয় তবে সেই নিয়ম আমি মানিনা। 

কোন পদ পদবীর জন্য নিজেকে বদলাইতে এই বয়সে আর পারবো না, সেই সুশীল আমি হইতে চাই না। খুশির সংবাদ এই যে এই সকল কিছু বিবেচনা করিয়া ব্যাক্তিগত কারণে আজ হইতে ৩ সপ্তাহ আগেই আমি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড হইতে স্বেচ্ছায় নিজের পদ ছাড়িয়া আসিয়াছি। আমার বাক এবং ব্যক্তি স্বাধীনতা আমার কাছে সবচাইতে দামি।’

সার্টিফিকেশন বোর্ড থেকে সরে যাওয়ার কারণ প্রসঙ্গে এই নির্মাতা বললেন, ‘ব্যক্তিগত নানা কারণেই মূলত পদত্যাগ করেছি। সরকারি দায়িত্বে থাকলে অনেক ধরনের বাধ্যবাধকতা থাকে, সেগুলো মেনে চলাও আমার দ্বারা সম্ভব নয়। সব মিলিয়ে ভেবেছি যে পদত্যাগ করি।’

চলচ্চিত্রকর্মীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে চলচ্চিত্র সেন্সরবোর্ড সংস্কার করে গত সেপ্টেম্বরে ১৫ জন সদস্য নিয়ে অন্তবর্তীকালীন সরকারের উদ্যোগে গঠিত হয় বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। যেখানে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিলেন নির্মাতা খিজির হায়াত খান।