প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে বিএনপিসহ ৮ দলের প্রতিনিধিরা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে বসেছেন বিএনপিসহ আট দলের প্রতিনিধিরা। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধায় সংলাপটি চলছে।

বুধবার বিকেল সাড়ে তিনটায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের এই প্রতিনিধি দল সুগন্ধায় পৌঁছান। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে এসেছেন চার সদস্যের প্রতিনিধি দল। এছাড়া গণফোরাম, ১২ দলীয় জোট, গণতন্ত্র মঞ্চ, এনডিএম,  সাম্যবাদী দলের প্রতিনিদিরাও উপস্থিত আছেন। হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকও এসেছেন বৈঠকে। তবে আমন্ত্রণ জানানো হয়নি জাতীয় পার্টিকে।

একই সময়ে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ সেখানে পৌঁছান। তবে অলি পরে ফেরত গেছেন। ধারণা করা হচ্ছে, তালিকায় নাম না থাকায় তিনি প্রবেশ করতে পারেননি।

এরপর সেখানে পৌঁছান গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক। প্রধান উপদেষ্টা পৌঁছান বিকাল ৪টা ১০ মিনিটে।

এর আগে গতকাল প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক সংবাদ সম্মেলনে জানান, জাতীয় ঐক্যের ডাক দিতে রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এর ধারাবাহিকতায় আজ (বুধবার) রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক হচ্ছে।