কোচ মওদুদুর রহমান শুভ নিজের দলকে দেখতে চেয়েছিলেন জুনিয়র এশিয়া কাপ হকির সেমিফাইনালে। সেই স্বপ্ন অপূর্ণ থেকে যায় মালয়েশিয়াকে বাগে পেয়েও হারাতে না পেরে। তবে আসল লক্ষ্যটা ঠিকই পূরণ হয়েছে। প্রথমবারের মতো হকির কোন বিশ্বকাপে নাম লিখিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। মঙ্গলবার তারা থাইল্যান্ডকে ৭-২ গোলে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করে। আর আজ চীনকে হারিয়ে আসরের পঞ্চম হয়েছে বাংলাদেশ। ওমানের রাজধানী মাসকটে একপেশে ম্যাচে বাংলাদেশ ৬-৩ গোলে হারিয়েছে চীনকে।
বাংলাদেশ ও চীন ছিল একই গ্রুপে। দুই দল গ্রুপ পর্যায়ে শেষ ম্যাচে মুখোমুখি হয়ে ১-১ ড্র করেছিল। সেই ড্রয়ের সুবাদে তারা পঞ্চম থেকে অস্টমস্থান নির্ধারণী ম্যাচে প্রতিপক্ষ হিসেবে পায় দুর্বল থাইল্যান্ডকে। অন্যদিকে চিন মঙ্গলবার শক্তিশালী কোরিয়াকে হারিয়ে দেয়। তবে আজ তারা বাংলাদেশের সামনে কোন প্রতিরোধ গড়তে পারেনি। প্রথম কোয়ার্টারটা অবশ্য ছিল ১-১ সমতা ছিল। পরের কোয়ার্টারে বাংলাদেশ তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। বাংলাদেশের বিপরীতে চীন এই কোয়ার্টারে মাত্র একটি গোল করে। ৪-২ স্কোরলাইন নিয়ে দুই দল মধ্য বিরতিতে যায়। পরের কোয়ার্টারে বাংলাদেশ কোনো গোল করতে পারেনি। চীন একটি গোল করে ব্যবধান ৪-৩ নামিয়ে আনে। তবে চতুর্থ কোয়ার্টারের আরও দুই গোল করে জয় নিশ্চিত করে বাংলাদেশ।
বিশ্বকাপ নিশ্চিত করা বাংলাদেশ দল বৃহস্পতিবার দেশে ফিরবে। দলকে সরাসরি নিয়ে যাওয়া হবে হকি ফেডারেশনের সভাপতি ও বিমানবাহিনী প্রধানের কাছে। বিশ্বকাপ নিশ্চিত করায় খেলোয়াড়দের সঙ্গে সংবর্ধনা দেওয়া হবে ফেডারেশনের পক্ষ থেকে।
এদিকে ৭ ডিসেম্বর থেকে অনূর্ধ্ব-২১ মহিলা এশিয়া কাপ শুরু হচ্ছে। ঐ টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ মহিলা দল ইতোমধ্যে ওমানে পৌঁছেছে।