মিডিয়ার কাজেই সীমাবদ্ধ না

মাঝে শোবিজ থেকে বিরতি নিয়েছিলেন মডেল ও চলচ্চিত্র অভিনেত্রী আইরিন সুলতানা। তবে কী কারণে, সে বিষয়ে কিছুই খোলাসা করেননি। তবে দীর্ঘদিন পর আবারও পর্দায় ফিরছেন তিনি। আগামীকাল শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তার অভিনীত সিনেমা ‘দুনিয়া’।

দেশ রূপান্তরকে আইরিন জানান, সিনেমাটির কাজ বেশ কিছুদিন আগেই শেষ করা হয়। সিনেমাটি মুক্তির অপেক্ষায় ছিল। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।

সিনেমা প্রসঙ্গে জানতে চাইলে এই নায়িকা বলেন, ‘সিনেমাটিতে আমার কো-আর্টিস্ট হিসেবে ছিলেন আনিসুর রাহমান মিলন, নিরব, মিশা, ডনসহ অনেকেই। কাজের ক্ষেত্রে কো-আর্টিস্ট অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আসলে। কো-আর্টিস্ট ভালো হলে কাজ খুব সহজ হয়ে যায়। এই সিনেমায় কাজ করার পুরো সময়টাই ভালো কেটেছে।’

নতুন কাজের প্রসঙ্গে তিনি বলেন, বেশ কিছু সিনেমার কাজ শেষ করা আছে, কয়েকটা ছবি সেন্সর হয়ে আছে। আসলে একটা সিনেমা মুক্তি পাওয়ার জন্য অনেকগুলো বিষয় খেয়াল রাখতে হয়। পরিচালক আছেন, সেন্সর বোর্ড আছে, দেখা যাক কবে আসবে নতুন কাজ। নতুন সিনেমা মুক্তি পাওয়ার আগে আপনারা অবশ্যই জানবেন।

আইরিন সুলতানার তাহলে ব্যস্ততা এখন কী নিয়ে এমন প্রশ্নে তার উত্তর, ‘আমি শুধু মিডিয়ার কাজেই সীমাবদ্ধ না। মিডিয়ার বাইরেও আমার অ্যাকটিভিটি আছে। আমার একটা ব্যবসা আছে, বর্তমানে সেটা নিয়েই খুব ব্যস্ত আছি।’

২০০৮ সালের ‘প্যান্টেনা ইউ গট দ্য লুক’ প্রতিযোগিতায় তিনি সেরা হাসি পুরস্কার পাওয়ার পর থেকে বিনোদন মাধ্যমে কর্মজীবন শুরু করেন। তিনি দেশে এবং বিদেশে বহু র‌্যাম্প মডেলিং অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। তিনি চলচ্চিত্রে অভিষেক করেন, দেবাশীষ বিশ^াস পরিচালিত ‘ভালোবাসা জিন্দাবাদ’ সিনেমা দিয়ে। মেগা সিরিয়াল, একক নাটক ও ওয়েব ধারাবাহিকেও অভিনয় করেছেন তিনি।