অস্কারের দৌড়ে প্রথমবারের মতো শামিল হলো বাংলা গান। অস্কারের এবারের আসরে সেরা মৌলিক গানের তালিকায় প্রাথমিক পর্যায়ে ৮৯টি গান এবং সেরা মৌলিক ব্যাকগ্রাউন্ড স্কোরের জন্য ১৪৬টি গান ব্যালটে রয়েছে। সেই তালিকায় স্থান পেয়েছে পাঁচ বাঙালি শিল্পী।
মৌলিক গান এবং সেরা মৌলিক স্কোরের জন্য এই দৌড়ে শামিল হয়েছেন তিনজন কণ্ঠশিল্পী এবং দুজন সংগীত পরিচালক। নির্বাচিত গানগুলোর ব্যালটের মধ্যে রয়েছে ‘পুতুল’ সিনেমার বাংলা গান ‘ইতি মা’ এবং ‘ব্যান্ড অব মহারাজাস’ সিনেমার পাঞ্জাবি গান ‘ইশক ওয়ালা ডাকু’। আর এই দুটি গানের পেছনে আছেন বাংলার পাঁচজন শিল্পী। তারা হলেন সায়ন গঙ্গোপাধ্যায়, ইমন চক্রবর্তী, পন্ডিত বিক্রম ঘোষ, শমীক কুন্ডু এবং ডালিয়া মাইতি ব্যানার্জি। ইমন চক্রবর্তীর গাওয়া ‘ইতি মা’ গানে সুর দিয়েছেন সায়ন। আর ‘ইশক ওয়ালা ডাকু’র সুরকার হলেন বিক্রম ঘোষ এবং গানটি গেয়েছেন শমীক ও ডালিয়া মাইতি। আগামী ১৭ ডিসেম্বর ভোটিংয়ের মাধ্যমে ১৫টি গান ও অরিজিনাল স্কোরের জন্য ২০টিকে বাছাই করে নেওয়া হবে। ৯ ডিসেম্বর থেকে শুরু হবে প্রথম রাউন্ডের ভোটিং। একাডেমির সংগীত শাখার সদস্যরা এদিন থেকে শুরু হওয়া প্রথম রাউন্ডের ভোটে ১৫টি গান এবং সেরা ২০টি অরিজিনাল স্কোরের জন্য ভোট দেবেন। এর আগে ২০২৩ সালে তামিল গান ‘নাটু নাটু’ সেরা মৌলিক ব্যাকগ্রাউন্ড স্কোরের জন্য অস্কার জিতে ভারতীয় সংগীতকে আবারও মর্যাদা এনে দিয়েছে বিশ্বমঞ্চে। এখন দেখার বাংলার কোনো শিল্পী ফের সেই মুকুটে নতুন পালক জুড়তে পারেন কি না! আগামী ৩ মার্চ লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসবে অস্কারের আসর।