অভিনয় ছাড়ছেন ‘টুয়েলভথ ফেল’ তারকা বিক্রান্ত ম্যাসি, এ নিয়ে বেশ কিছুদিন ধরেই সিনেমা অঙ্গনে তুমুল আলোচনা হচ্ছে। ভক্তরা অভিনেতার সিদ্ধান্ত শুনে রীতিমতো অবাক। তাদের প্রশ্ন হঠাৎ কী হলো, যে ৩৭ বছর বয়সে এমন সিদ্ধান্ত! আর যখন অভিনেতা জনপ্রিয়তায় তুঙ্গে তখন এমন সিদ্ধান্ত? বিক্রান্ত ভক্তরা বিষয়টিকে কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। এবার এ বিষয়ে কথা বললেন বিক্রান্ত। তার কথায় উল্টো সুর!
গত ১৫ নভেম্বর ভারত জুড়ে মুক্তি পেয়েছে বিক্রান্তের নতুন ছবি দ্য সবরমতি রিপোর্ট। এটি নির্মিত হয়েছে ২০০২ সালে গুজরাটে সবরমতি এক্সপ্রেসে আগুন লাগানোর ঘটনা ও সেখানকার সাম্প্রদায়িক প্রতিহিংসার প্রেক্ষাপটে। বিক্রান্ত ছাড়াও অভিনয় করেছেন রাশি খান্না, রিদ্ধি ডোগরা প্রমুখ। গত সোমবার অভিনেতার নতুন ছবি ‘দ্য সবরমতি রিপোর্ট’ দেখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবিটি দেখে বিক্রান্তের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ তিনি। এ ঘটনায় দারুণ খুশি অভিনেতা। একই সঙ্গে তিনি নিজের পোস্টকে ব্যাখ্যা করলেন। জানালেন তিনি আসলে অবসরের কথাই বলেননি।
স্থানীয় সংবাদমাধ্যমে অভিনেতা বলেন, ‘আমার পোস্টের ভুল ব্যাখ্যা হয়েছে। আমি স্থায়ী অবসর ঘোষণা করিনি। বরং অভিনয় থেকে কিছুদিনের বিরতি নেওয়ার কথা জানিয়েছি মাত্র। অভিনয় ছাড়া আমি আর কিছুই চাই না। আমি মানসিক ও শারীরিক দিক থেকে ক্লান্ত। তাই কয়েকদিনের বিরতি নিয়েছি।’