ফের চাকরিতে নিয়োগের দাবিতে বিক্ষোভ করেছেন গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকার একটি পোশাক কারখানার শ্রমিকরা। গতকাল বুধবার কোনাবাড়ী বিসিক শিল্পনগরীর রেজাউল অ্যাপারেলস প্রাইভেট লিমিটেডের কারখানার ছাঁটাইকৃত ৮৭ শ্রমিক ফের চাকরিতে নিয়োগের দাবিতে সকাল থেকে কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এতে কারখানার কার্যক্রম ব্যাহত হয় এবং পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে ওঠে। নিরাপত্তার স্বার্থে কারখানা ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ।
বিক্ষোভরত শ্রমিকরা জানান, কিছুদিন আগে কোনো পূর্বঘোষণা ছাড়াই কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের ছাঁটাই করায় তাদের পরিবার চরম আর্থিক সংকটে পড়ে। ছাঁটাই প্রক্রিয়া অন্যায় এবং শ্রম আইন লঙ্ঘন করে করা হয়েছে বলে অভিযোগ এনে শ্রমিকরা তাদের পুনর্নিয়োগের দাবিতে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। কারখানা কর্তৃপক্ষ জানায়, শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের সব পাওনাদি পরিশোধ করা হয়েছে। কিন্তু ফের তারা নিয়োগের দাবিতে কারখানার প্রধান ফটকে এসে বিক্ষোভ করছেন। নিরাপত্তার স্বার্থে কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।
গাজীপুর শিল্পপুলিশ-২-এর কোনাবাড়ী জোনের পুলিশ পরিদর্শক মোর্শেদ জামান জানান, সকাল থেকেই ছাঁটাই হওয়া শ্রমিকরা কারখানার মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শ্রমিকদের সঙ্গে এবং কারখানা কর্তৃপক্ষের সঙ্গেও আলোচনা করেছেন। কারখানা বুধবারের জন্য ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।