৪৩ মাস পর কারামুক্ত বাবুল আক্তার

অবশেষে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেলেন স্ত্রী মাহমুদা খানম (মিতু) হত্যা মামলায় বাদী থেকে প্রধান আসামি সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার। গতকাল বুধবার বিকেল পুলিশ পাহারায় একটি সাদা রঙের প্রাইভেট কারে কারাগার ত্যাগ করেন।

এর আগে বাবুল আক্তারকে হাইকোর্টের দেওয়া জামিন আদেশ স্থগিত চেয়ে মিতুর বাবা মোশররফ হোসেনের করা আবেদনের ওপর কোনো আদেশ দেয়নি (নো অর্ডার) আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে তার জামিনে মুক্তি পেতে কোনো বাধা নেই বলে জানান তার আইনজীবীরা।

গত ২৭ নভেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ বাবুলের জামিনের আদেশ দেয়। আবেদনের পক্ষে আইনজীবী মাহবুবুর রহমান ও বাবুলের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

স্ত্রী মিতু হত্যা মামলায় ২০২১ সালের ১২ মে গ্রেপ্তার হন বাবুল আক্তার। প্রায় ৪৩ মাস শেষে তিনি ম্ুিক্ত পান। গত ২৭ নভেম্বর বাবুল আক্তারকে জামিন দেয় হাইকোর্ট। ১ ডিসেম্বর তার জামিননামা চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আসে। কিন্তু সেদিন বিকেলেই হাইকোর্টের দেওয়া জামিন বাতিল করতে বাবুল আক্তারের শ্বশুর মিতুর বাবা মোশাররফ হোসেন আপিল বিভাগে আবেদন করেন। গতকাল হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখে আপিল বিভাগ।