দেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত) আরও পাঁচজন মারা গেছে। এ সময়ে রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬২৯ জন। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৫০৯ এবং শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ৯৪ হাজার ৩১৪ জনে।
গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন মারা যাওয়া পাঁচজনের মধ্যে ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে দুজন ও ঢাকা দক্ষিণ সিটিতে একজন রয়েছে।
হাসপাতালে নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৫৫, চট্টগ্রাম বিভাগে ৬১, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫৩, ঢাকা উত্তর সিটিতে ১১২, ঢাকা দক্ষিণ সিটিতে ৯২, খুলনা বিভাগে ৭৫, রাজশাহী বিভাগে ৩৪, ময়মনসিংহে ২২, রংপুরে ১৬ এবং সিলেট বিভাগে ৯ জন রয়েছে।
এ নিয়ে এ বছর ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ৯৪ হাজার ৩১৪ জন। তাদের মধ্যে ৬৩ দশমিক ২০ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৮০ শতাংশ নারী।
এ বছর ডেঙ্গুতে মারা গেছে ৫০৯ জন। তাদের মধ্যে ৫১ দশমিক ৩০ শতাংশ নারী এবং ৪৮ দশমিক ৭০ শতাংশ পুরুষ।
দেশে ডেঙ্গু প্রাদুর্ভাবের গত ২৪ বছরের মধ্যে ২০২৩ সালে রোগটি ভয়াবহ আকার ধারণ করে। সে বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেয়। এর মধ্যে ঢাকায় ১ লাখ ১০ হাজার ৮ এবং ঢাকার বাইরে চিকিৎসা নেয় ২ লাখ ১১ হাজার ১৭১ জন। গত বছর ডেঙ্গুতে মারা যায় ১ হাজার ৭০৫ জন। রোগী ও মৃত্যুর এই সংখ্যা দেশের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ।
এর আগে ২০১৯ সালে দেশব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল ১ লাখ ১ হাজার ৩৫৪ জন। ওই সময় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছিল।