পঞ্চদশ সংশোধনীর বৈধতার প্রশ্নে শুনানি শেষ

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসংক্রান্ত সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা প্রশ্নে রিট আবেদনের পরিপ্রেক্ষিতে দেওয়া রুলের ওপর শুনানি শেষ হয়েছে। গতকাল বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চে এ শুনানি হয়। তবে এ বিষয়ে রায় কবে হবে, সে বিষয়ে আজ বৃহস্পতিবার আদালত দিন ঠিক করতে পারে বলে জানান সংশ্লিষ্ট আইনজীবীরা।

গতকাল রিট আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল ও আইনজীবী শাহরিয়ার কবির। ব্যারিস্টার শাহরিয়ার কবির দেশ রূপান্তরকে বলেন, ‘পঞ্চদশ সংশোধনীর মামলায় শুনানি শেষ হয়েছে। রায় কোন তারিখে ঘোষণা করা হবে তা আগামীকাল (আজ) জানা যাবে।’

এর আগে বিভিন্ন কর্মদিবসে এ মামলায় রিট আবেদনকারীদের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী ড. শরীফ ভূঁইয়া, রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও রুহুল কুদ্দুস কাজল, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের পক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির শুনানি করেন।

২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী পাস হয়। একই বছরের ৩ জুলাই রাষ্ট্রপতি তাতে অনুমোদন দেন। এ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়।