আসিফ মাহমুদ বললেন

দুর্নীতির কারণে সক্ষমতা অনুযায়ী পানি সরবরাহ করা যাচ্ছে না

দুর্নীতির কারণে প্রতিটি পানি শোধনাগার থেকে সক্ষমতা অনুযায়ী পানি সরবরাহ করা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গতকাল বুধবার ঢাকা ওয়াসার বুড়িগঙ্গা হলে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ মন্তব্য করেন।

স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, পদ্মা পানি শোধনাগার থেকে দৈনিক ৪৫ কোটি লিটার পানি সরবরাহ করার সক্ষমতা রয়েছে। কিন্তু সরবরাহ করা হচ্ছে মাত্র ১৮ কোটি লিটার পানি। এর কারণ পানি সরবরাহ লাইনে নিম্নমানের পাইপ বসানো হয়েছে। এখানে ঠিকাদার বড় ধরনের দুর্নীতি করেছে। এর সঙ্গে কর্মকর্তারা জড়িত রয়েছেন বলে আমি মনে করি। কারণ কর্মকর্তারা তদারকি করলে ঠিকাদার এ রকম দুর্নীতি করতে পারে না।

তিনি আরও বলেন, বাসায় আমি যখন টিভি বা পত্রিকা দেখি, তখন সিটি করপোরেশন কিংবা ওয়াসার দুর্নীতির সংবাদ দেখি, যা আমার মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা। এই দুর্নীতি মোকাবিলা করতে হবে। এটা একা সম্ভব নয় সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীর সহযোগিতা করতে হবে। কোনো কর্মকর্তা-কর্মচারী দুর্নীতি করলে অভিযোগ মন্ত্রণালয়ে দেবেন। আমাদের নিজস্ব সেল রয়েছে। আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।

উপদেষ্টা বলেন, সামনে শুষ্ক মৌসুম আসছে। এই মৌসুমে পানির স্তর নিচে নেমে যায় এবং পানির স্বল্পতা দেখা দেয়। আর শুষ্ক মৌসুমে এবার রমজান আসবে। তাই শুষ্ক মৌসুম বা রমজানে যেন পানির স্বল্পতা তৈরি না হয়, সে অনুযায়ী পরিকল্পনা নেন।

বিশেষ অতিথির বক্তব্য স্থানীয় সরকার সচিব নজরুল ইসলাম বলেন, ৯ বছর আগে একটি প্রকল্প নেওয়া হয়েছে, যার অগ্রগতি মাত্র ৫ শতাংশ। তার মানে এই প্রকল্পে শুধু বেতন দেওয়া ছাড়া কোনো কাজ হয়নি। এটা কাম্য হতে পারে না। এর সুষ্ঠু ব্যবস্থাপনা প্রয়োজন।