ফরাসি লিগ থেকে লা লিগায় যোগ দিয়ে যেন অতল সমুদ্রে পড়ে গেছেন কিলিয়ান এমবাপ্পে। পারফরমেন্সের কোনো বালাই নেই। একের পর এক পেনাল্টি মিস করছেন। গতকাল রাতেও দেখা গেল এই দৃশ্য। সুযোগ কাজে লাগিয়ে রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে দিল আতলেটিক বিলবাও। ২০১৫ সালের মার্চের পর এই প্রথম লিগে রিয়ালের বিপক্ষে জয়ের স্বাদ পেল মাঝারি মানের ক্লাবটি।
বুধবার রাতে বিলবাওয়ের মাঠ সান মামেসে অনুষ্ঠিত ম্যাচের তিনটি গোলই হয় দ্বিতীয়ার্ধে। রিয়াল প্রথমার্ধে তেমন কোনো আক্রমণই করতে পারেনি। একটি শটও লক্ষ্যে ছিল না। ১৪তম মিনিটে এমবাপ্পে বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোল হয়নি। বিরতির পরও ৫৪তম মিনিটে এগিয়ে যায় বিলবাও। নিকো উইলিয়ামসের ক্রস কোর্তোয়া আটকে দিলেও বিপদমুক্ত করতে পারেননি। সহজেই বল জালে পাঠান বেরেনগার।
৬২তম মিনিটে অ্যান্টনি রুডিগার ফাউলের শিকার হলে পেনাল্টি পায় রিয়াল। কিন্তু এই সুবর্ণ সুযোগ হেলায় হারান কিলিয়ান এমবাপ্পে। ফরাসি তারকা গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের বিপক্ষেও একটি পেনাল্টি মিস করেছিলেন। সেই ম্যাচে রিয়াল হেরেছিল ২-০ গোলে। অবশেষে ৭৮তম মিনিটে এমবাপ্পের দূর থেকে নেওয়া শট গোলরক্ষক ফিরিয়ে দিলেও বেলিংহ্যাম ঠিকই স্কোরলাইন ১-১ করেন।
যদিও রিয়ালের এই স্বস্তি দুই মিনিটও স্থায়ী হয়নি। ডিফেন্ডারের ভুলে বল পেয়ে বক্সে ঢুকে জয়সূচক গোলটি করেন স্প্যানিশ ফরোয়ার্ড গুরুজেটা। এই নিয়ে লিগে টানা তৃতীয় জয়ের পর ১৬ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে বিলবাও। অন্যদিকে ১৫ ম্যাচে ১০ জয় ও তিন ড্রয়ে ৩৩ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল। এক ম্যাচ বেশি খেলে তাদের চেয়ে ৪ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে বার্সেলোনা।