কুষ্টিয়ার কুমারখালীতে গরু বোঝায় চলন্ত পিকআপ গাড়িতে প্রথমে ইট নিক্ষেপ এবং পরে চালক ও গরুর মালিকের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে তিন লাখ ২০ হাজার টাকা মূল্যের ৫টি গরু ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
এ সময় তাদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে মারধরও করা হয়। বুধবার (৪ ডিসেম্বর) সাড়ে রাত ১১টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহসড়কের চাপড়া ইউনিয়নের দবিরমোল্লা গেট এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী গরু মালিকের নাম রিপন শেখ (২৯)। তিনি ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন চকিঘাটা এলাকার মৃত ইলিয়াস শেখের ছেলে। গাড়ি চালক ফারুক হোসেন (৫২) জয়পুরহাট জেলার কাশিয়াবাড়ি এলাকার মৃত আবু মোতালেবের ছেলে। তারা বর্তমানে কুমারখালী থানা পুলিশের হেফাজতে রয়েছেন।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে থানায় গিয়ে দেখা যায়, পিকআপ গাড়িটি থানা চত্বরে রাখা রয়েছে। গরুর মালিক ও চালককে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
এ সময় কথা হয় চালক ফারুক হোসেনের সঙ্গে। তিনি বলেন, জয়পুরহাট থেকে পাঁচটি গরু ও গরুর মালিককে নিয়ে ফরিদপুরে যাচ্ছিলাম। পথিমধ্যে দবিরমোল্লা গেট সংলগ্ন বালুর মাঠ এলাকায় পৌছালে একটি বড় পিকআপ গাড়ি আমার গাড়ির গতিরোধ করে। এ সময় অজ্ঞাত ৭/৮জন পিকআপের সামনের কাঁচের গ্লাসে ইট মারে। এরপর আমার চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে সড়কের নিচে নিয়ে মারধর করে। এ সময় চোখে কিছু দেখা যাচ্ছিল না। এরপর প্রায় পাঁচ/সাত মিনিট পরে চোখ খুলে দেখি ওদের হাতে বড় চাকু। তার ভাষ্য, ওরা খুব দ্রুত আরেকটি বড় নীল রঙের পিকআপ গাড়িতে গরু গুলোতে তুলে নিয়ে কুষ্টিয়া শহরের দিকে চলে যায়।
ভুক্তভোগী গরুর মালিক রিপন শেখ বলেন, আমি ভ্যান চালায় এবং পুরাতন ফার্নিচারে রঙ করার কাজ করি। পাশাপাশি বাড়িতে ছোট গরুর খামার করেছি। একটি এনজিও থেকে চার লাখ টাকা ঋণ নিয়েছি এবং অনলাইনে ভিডিও দেখে গরু পছন্দ করে জয়পুরহাটে গেছিলাম। সেখান থেকে তিন লাখ ২০ হাজার টাকায় ৫টি গরু কিনে পিকআপ গাড়ি ভাড়া করে ফরিদপুরে যাচ্ছিলাম। গরুগুলো ত্রিপল দিয়ে ঢাকা ছিল। হেলপার না থাকায় আমি গরুর সঙ্গেই ছিলাম। পথিমধ্যে বেশ কয়েকজন চোখে মরিচের গুড়া ছিটিয়ে এবং দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে গরু গুলো নিয়ে গেছে। পরে আমাদের চিৎকার চেঁচামেচিতে স্থানীয় জনগণ এসে পুলিশে খবর দেই।
তার ভাষ্য, গরু ছিনতাইয়ের সঙ্গে গাড়ি চালক ফারুকের হাত আছে। সুষ্ঠু বিচারের আশায় থানায় মামলা করব।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, গরু চুরির খবর শুনে ঘটনাস্থলে পৌছে একটি পিকআপ গাড়ি, চালক ও গরুর মালিককে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ঘটনাটি চুরি, ডাকাতি নাকি সাজানো তা ক্ষতিয়ে দেখতে জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় থানায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।