অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আমেরিকার একটি জরিপে উঠে এসেছে বাংলাদেশে আগের তুলনায় এ দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং পাহাড়ি গোষ্ঠীর মানুষ শান্তি-স্বস্তি ও আরামে আছেন। তারপরও বাহিরে নানা মিথ্যা প্রচারণা চালায়। কেউ মিথ্যা প্রচার করে বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে সুবিধা নিতে পারবে না। সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হয়েছে অন্তর্বর্তী সরকার।
বুধবার (৪ ডিসেম্বর) রাতে নরসিংদীতে উলামা পরিষদ মাধবদী থানা শাখার উদ্যোগে মাধবদী পৌর শহরে এসপি স্কুল মাঠে ইসলামী মহা সম্মেলনে প্রধান অতিধির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর হজের সিন্ডিকেট ভেঙে প্রতি প্যাকেজে ১ লাখ টাকা কমিয়েছি। এ ছাড়া মঙ্গলবারও হজের বিষয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলেছি যেন হজের প্যাকেজের টাকা আরও কমানো যায়।
মাধবদীর ইতিহাসে ইসলামী সম্মেলনে এই প্রথম জনসমুদ্রে পরিণত হয় এসপি স্কুল মাঠ প্রাঙ্গণ। এ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকনের সভাপতিত্বে ও মাধবদী উলামা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মকবুল হুসাইনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন মাধবদী থানা উলামা পরিষদের প্রধান উপদেষ্টা আল্লামা রফিকুর রহমান (দা.বা), আল্লামা নুরুল ইসলাম ওলিপূরী, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা জুনায়েদ আল-হাবীব, মাওলানা মামুনুল হক, মাওলানা শওকত হোসেন সরকার, মুফতি ইছাহাক কামালসহ দেশের খ্যাতিমান ইসলামিক বক্তাগণ।